বিদেশের মাটিতে ফের হেনস্থার শিকার ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং তাঁর দল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে ডালাস বিমানবন্দর থেকে নিউ জার্সি যাওয়ার সময় হেনস্থার ঘটনাটি ঘটে।
গায়িকার অভিযোগ, কোনো রকম সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁদের বোর্ডিংয়ে বাধা দেওয়া হয়। সংগীতশিল্পীদের মূল সম্বল তাঁদের বাদ্যযন্ত্র। কিন্তু বিমান ওঠার সময় কর্তৃপক্ষ জানায়, যাতায়াতের সময় বাদ্যযন্ত্র ভেঙে গেলে বা নষ্ট হলে তার কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। বিমান কর্তৃপক্ষের এমন অপেশাদার আচরণের প্রতিবাদ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায় এয়ারলাইন্সের কর্মীরা ইমন ও তার দলের সদস্যদের ধাক্কা দিয়ে গেট থেকে সরিয়ে দেন। নানাবিধ হেনস্থার মুখে শেষ পর্যন্ত তাদের ফ্লাইটই মিস হয়।
পরে অবশ্য বিমান সংস্থার পক্ষ থেকে অন্য একটি ফ্লাইটের কথা বলা হয়। সেখানেও হেনস্থা শেষ নেই। সবার সিট পাওয়া নিয়ে শুরু হয় নতুন টালবাহানা। পুরো ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ফেসবুক লাইভে আসেন ইমন। বিপদের সময় তার পাশে থাকার অনুরোধ জানান তিনি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর সঙ্গে এমন অমানবিক ও অপমানজনক আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলেছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
ইএইচ/




