সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দেশের দুই অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। যা দেখেই নেটিজেনরা আন্দাজ করেছিলেন ভিডিও দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তারপরও শোরগোল কম হয়নি। প্রায় ১১ ঘণ্টার মতো ভিডিও দুটি ছিল ইনস্টাগ্রামে। এরপর ওই চ্যনেল নিজেদের পেজ থেকে ভিডিও দুটি অপসারণের পাশাপাশি দুঃখ প্রকাশ করে। জানায়, কাজটি হ্যাকারদের। ইনস্টাগ্রাম পেজ হ্যাক হয়েছিল বলে দাবি করে তারা।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি। ওই বিকৃত ভিডিওর শিকার দুই অভিনেত্রীর একজন তিনি। এ ঘটনায় টেলিভিশনের দুঃখ প্রকাশকে যথেষ্ট মনে করছেন না তিনি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। চ্যানেলটির নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।’
এরপর লেখেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনোরকম কোনো পোস্ট করতে পারছি না। (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’
প্রশ্ন রেখে পরীমণি লেখেন, ‘কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
এর আগে গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন অভিনেত্রী। সেখানেও ক্ষোভ প্রকাশ করেন। যদিও পরে লাইভটি ডিলিট করে দেন তিনি। এবার ক্ষোভ উগরে দিলেন পোস্টে।
আরআর




