ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মেয়ের এক বছর পূর্ণ হয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মেয়ে আনায়ার প্রথম জন্মদিন দিন। মেয়ের প্রথম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অভিনেতা।
মেয়ের উদ্দেশে অপূর্ব লিখেছেন, ‘ভালোবাসার ৩৬৫ দিন পূর্ণ হলো। আমাদের ছোট রাজকন্যার প্রথম জন্মদিনের অনেক শুভেচ্ছা! সত্যি বুঝতে পারছি না সময় কীভাবে কেটে গেল। ঠিক এক বছর আগের এই দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’
মেয়ের বেড়ে ওঠার মুহূর্তগুলো নিয়ে অপূর্ব আরও লিখেছেন, ‘তোমাকে বড় হয়ে উঠতে দেখা, চারপাশ ঘুরে দেখা আর তোমার মিষ্টি হাসিতে পুরো ঘর ভরে ওঠা— আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজ হয়তো তুমি মাথায় ছোট্ট একটি মুকুট পরে আছ, কিন্তু জন্মলগ্ন থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে রাজত্ব করছ।’
সবশেষে কন্যাকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট সোনা! তোমার জীবনটা যেন সবসময় তোমার মতোই উজ্জ্বল, জাদুকরী ও অমূল্য হয়।’
অপূর্বর পোস্টটি সামনে আসার পর থেকে সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা তার মেয়ের জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
ইএইচ/




