গত রোজার ঈদে হলে দর্শক টেনেছে ‘প্রেশার কুকার’ সিনেমাটি। গল্প মন ভরিয়েছে। হলফেরত দর্শকরা মুগ্ধতা প্রকাশ করেছেন পরিচালক রায়হান রাফীর নির্মাণে। সপ্তাহখানেক আগে ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর সোশ্যাল মিডিয়াভিত্তিক বিনোদন পেজগুলোতে অনুরাগীদের প্রশংসার ফুলঝুরি বইছে।
ছবির একটি দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ওই দৃশ্যে দেখা যায়, অভিনেত্রী নাজিফা তুষি তার ছেলেকে দেখতে মাদরাসায় আসেন এবং সারাদিন সেখানে অবস্থান করেন। দিন শেষে ছেলেকে মাদরাসায় রেখে বাড়ি ফেরার সময় তুষির পেছন ধরে তার ছেলে। ছেলের দৌড় দেখে ঘোড়ার গাড়ি থেকে নেমে পড়েন তুষি। এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন।
‘প্রেশার কুকার’-এর দৃশ্যটি শেয়ার করে চলচ্চিত্র সমালোচক ইউসুফ জুবায়ের লিখেছেন, “রায়হান রাফীর একটি সিনেমাও না দেখে লোকটাকে আমি ভীষণ অপছন্দ করতাম। কখনও তার সিনেমা দেখার ইচ্ছা জাগেনি। আমার দেশের চলচ্চিত্রপ্রেমীরা বুঝতে পারবেন কেন। কিন্তু কোনো এক কারণে ‘প্রেশার কুকার’ মুক্তির পর থেকে ‘রইদ’-এর পাশাপাশি এটি আমার সবচেয়ে প্রতীক্ষিত বাংলা সিনেমা হয়ে ওঠে। সত্যি বলতে সিনেমাটি এবং রাফী আমার মন জয় করে নিয়েছে।”

তিনি আরও লিখেছেন, ‘সিনেমার দৃশ্য বদলানোর ধরন কীভাবে গল্পের ধারা নষ্ট করছিল— এ নিয়ে লম্বা একটি লেখা লিখব ভাবছিলাম। কিন্তু শেষ পর্যন্ত গল্পের ভেতরে এতটাই ডুবে গিয়েছিলাম যে ভুলগুলো এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার মনে হচ্ছিল, অনেক সময় কেউ খুব নিখুঁত ও নিয়ম মেনে সিনেমা বানায়; ফ্রেম সুন্দর হয়, ব্যাকরণের কোনো ভুল থাকে না, অথচ চরিত্রের অনুভূতির সঙ্গে নিজের মনের যোগসূত্র ঘটে না। আবার এর উল্টোটাও ঘটে— হাজারটা ভুলত্রুটি আর নিয়ম ভেঙেও এমন একটা সিনেমা তৈরি হয়, যা দেখে চরিত্রের জন্য অদ্ভুত এক মায়া অনুভব হয়। আমি রাফীকে ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে এমন কিছু উপহার দিয়েছে, যা আমার মাথা থেকে সহসা মুছবে না।’
ইউসুফ জুবায়েরের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন রাফী। নির্মাতা জানিয়েছেন, আলোচ্য দৃশ্যটি তার জীবন থেকে নেওয়া।
রাফীর কথায়, ‘এই দৃশ্যটা আমার পুরো ফিল্মের সবচেয়ে আপন এবং সবচেয়ে ব্যক্তিগত। একজন পরিচালক হিসেবে আমি জানতাম, এখানে সংলাপের চেয়ে নীরবতাই বেশি কথা বলবে। আমার মা যখন আমাকে দেখতে আসতেন, ছোটবেলায় যখন আম্মু আমাকে হস্টেলে রেখে যেতেন, বিদায়ের মুহূর্তে আমি ঠিক এভাবেই কান্না করে তাঁকে বিদায় জানাতাম। তাই ক্যামেরার সামনে যে দৃশ্যটা তৈরি হয়েছে, সেটা শুধু অভিনয় নয়—আমার নিজের জীবনের এক টুকরো স্মৃতি।’

‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এতে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।
ইএইচ/




