রাজধানীর মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে নাটকের শুটিং করার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ সরাসরি তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেলেও বড় ধরনের বিপদ হয়নি বলেন জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দুর্ঘটনার বিষয়টি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন উর্বী। লিখেছেন, ‘সোমবার শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। আমরা তখন মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে শুট করছিলাম। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। অসহ্য ব্যথাটা হয়েছিল! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’
শারীরিক অবস্থার কথা জানিয়ে উর্বী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আরও অনেক বড় কিছু হতে পারত। আমার নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ছবিতে জুম করলে হয়তো বুঝতে পারবেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত কিছুর পরেও এখন আবার শুটিংয়ে যাচ্ছি, কাজ করছি!’
সবশেষে দোয়া চেয়ে তিনি লেখেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর আপনারাও সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে যারা শুটিংয়ে কাজ করেন। বিপদ কখনো বলে আসে না। আমরা যতই সাবধান থাকি না কেন, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, তা কেউ বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছেন।’
ইএইচ/




