সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

অবশেষে মুক্তি পাচ্ছে রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

অবশেষে মুক্তি পাচ্ছে রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। শোনা যাচ্ছিল, দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নবরাত্রিতে ছবির প্রথম পর্ব মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন নির্মাতারা। 

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীতিশ তিওয়ারী পরিচালিত মহাকাব্যিক ছবির প্রথম পর্ব। রোববার প্রকাশিত ছবির নতুন পোস্টার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পোস্টারে জায়গা মিলেছে ছবির অন্যতম চার তারকা রণবীর কপূর, সাই পল্লবী, রবি দুবে এবং যশের। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায় (এ বার শুরু হতে চলেছে রামের যুগ)।’

ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রণবীর কপূর। রামের আদর্শ, সংযম এবং বীরত্ব বড় পর্দায় ফুটিয়ে তোলার মূল দায়িত্ব থাকছে তাঁর কাঁধে। মাতা সীতার চরিত্রের দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। দক্ষিণী সুপারস্টার যশ এই ছবিতে লঙ্কার রাজা রাবণের চরিত্রে অভিনয় করছেন। সানি দেওল অভিনয় করছেন ভক্ত শ্রেষ্ঠ হনুমানের চরিত্রে। মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রবি দুবেকে। রাবণের বোন শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। 

রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং রাম ও রাবণের বাহিনীর মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের সেই ঐতিহাসিক কাহিনি এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে। ছবির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এআর রহমান। 

প্রযোজনা সংস্থা জানিয়েছে, দূর্গা পূজার দশমীর দিন থেকে শুরু হবে ছবির অগ্রিম টিকিট বুকিং। 

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মলয়ালম— একাধিক ভাষাতে মুক্তি পাবে ছবিটি। প্রথম পর্ব ৫ নভেম্বর মুক্তির পর, দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছরের দীপাবলিতে।

ইএইচ/ 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর