ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের হযরতগঞ্জ এলাকায় একটি অ্যাপার্টমেন্টের চারতলা থেকে পড়ে এক ক্যাফে মালিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম শিবা শর্মা। এ ঘটনায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ তিনজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন— সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবে, তাঁর বোন রাশি দুবে এবং তাঁদের চালক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিবা শর্মার সঙ্গে গত তিন মাস ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবে। কিছুদিন আগে শ্রদ্ধার বোনও তাঁদের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। গত শুক্রবার অভিযুক্তদের গাড়ির চালক নিহতের পরিবারকে ফোন করে জানায়, শিবা ছাদ থেকে লাফ দিয়েছেন। আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার পরিবারের লোকজন হাসপাতালে পৌছে দেখেন শিবা মারা গেছেন। মৃত্যুর চার দিন আগে শিবা তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে এসেছিলেন।
শিবার পরিবারের অভিযোগ, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে শিবাকে চারতলা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। পরিবার জানিয়েছে, শিবার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শ্রদ্ধা দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন। এমনকি শিবা আপত্তি জানানোয় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
হযরতগঞ্জ থানার স্টেশন হাউস অফিসার বিক্রম সিং জানিয়েছেন, ‘নিহতের পরিবার হত্যার সন্দেহ প্রকাশ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’
তিনি আরও জানান, ঘটনার রহস্য উন্মোচনে অভিযুক্ত শ্রদ্ধা দুবেসহ বাকি তিনজনের জবানবন্দি রেকর্ড করা হবে। পাশাপাশি অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে পুলিশ।
ইএইচ/




