শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রাদুইর ও সুদ নঁত ২০২৬-এ নির্বাচিত ‘অলৌকিক রাজহাঁস’-এর চিত্রনাট্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

প্রাদুইর ও সুদ নঁত ২০২৬-এ নির্বাচিত ‘অলৌকিক রাজহাঁস’-এর চিত্রনাট্য

নির্মাতা রাজীব রাফির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প অলৌকিক রাজহাঁস নির্বাচিত হয়েছে ফ্রান্সের প্রাদুইর ও সুদ (Produire au Sud—PaS) নঁত ২০২৬-এ। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ফ্রান্সের নঁত শহরে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক গল্প নির্মাণ ও যৌথ প্রযোজনাবিষয়ক কর্মশালা। ৪৮তম ফেস্টিভ্যাল দে থ্রি কন্টিনেন্ট সঙ্গে আয়োজন করা হয়েছে কর্মশালাটি।

আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের আন্তর্জাতিক যৌথ প্রযোজনার কৌশল শেখানোর লক্ষ্যে ২০০০ সালে নঁতের ফেস্টিভ্যাল দে থ্রি কন্টিনেন্ট প্রাদুইর ও সুদ কর্মশালা চালু করে। দুই দশকেরও বেশি সময় ধরে এই কর্মশালা আন্তর্জাতিক যৌথ প্রযোজনার জন্য বিভিন্ন চলচ্চিত্র প্রকল্পের বিকাশে সহায়তা করে আসছে। কর্মশালায় বিকশিত বেশ কয়েকটি প্রকল্প পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

পরিচালক রাজীব রাফি বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রশিল্পের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ফ্রান্সে ফিল্মটির আরও ডেভেলাপমেন্ট নিয়ে কাজ করার অপেক্ষায় আছি।

এ বছর মাত্র পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প নির্বাচিত হয়েছে। নঁতে প্রকল্পটির প্রতিনিধিত্ব করবেন পরিচালক রাজীব রাফি ও প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ। কর্মশালায় আন্তর্জাতিক পরামর্শকদের সঙ্গে তাঁরা চিত্রনাট্য, অর্থায়ন কৌশল ও যৌথ প্রযোজনার পরিকল্পনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রযোজক ও সম্ভাব্য সহযোগীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন তাঁরা।

এর আগে অলৌকিক রাজহাঁস নির্বাচিত হয় ভিয়েতনামের চতুর্থ দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (DANAFF IV) ডানাফ ট্যালেন্টস প্রজেক্ট ইনকিউবেটরে। সেখানে জমা পড়েছিল ৩৫০টিরও বেশি আবেদন। সেখান থেকে এশিয়ান আর্ট-হাউস ফিল্ম ওয়ার্কশপ ও প্রজেক্ট মার্কেটের জন্য নির্বাচিত হয় ১০টি প্রকল্প। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরের নির্বাচিত চারটি প্রকল্পের একটি ছিল অলৌকিক রাজহাঁস। এই তালিকায় জাপান, দক্ষিণ কোরিয়া ও কিরগিজস্তানের প্রকল্পও ছিল।

২৮ জুন থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত দা নাংয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রকল্পটির দল নিবিড় প্রশিক্ষণে অংশ নেয়, আন্তর্জাতিক জুরির সামনে প্রকল্প উপস্থাপন করে এবং প্রজেক্ট মার্কেটে সম্ভাব্য সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ করে।

বাংলাদেশের একটি লোককাহিনি থেকে অনুপ্রাণিত অলৌকিক রাজহাঁস। রাজিব রাফির পরিচালনায় এর প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ, রুবাইয়াত হোসেন ও আশিক মোস্তফা। প্রযোজনা প্রতিষ্ঠান: খনা টকিজ ও সিনেমা ককুন। 
 
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ফেস্টিভ্যাল দে থ্রি কন্টিনেন্ট ফ্রান্সের নঁত শহরে প্রতিবছর অনুষ্ঠিত হয়। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার চলচ্চিত্র এই উৎসবের মূল মনোযোগের বিষয়। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর