রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন রাশেদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন রাশেদ 

শনিবার রাতে ইসিবি চত্বর এলাকার কাছে নিউ গিনি কন্ডোমিনিয়াম সিটিতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার ঘটনা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এতে অভিযোগ করেন, বিএনপির লোকজনকে চাঁদা দেওয়া হয়নি বলে স্টুডিও ভেঙেছে। তার মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে বিএনপিকে সমালোচনার সুরে চড়িয়েছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা। 

সালমানের অভিযোগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার এক পোস্টে তিনি জানান, সালমান পুরো ঘটনা না জেনে মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড ভিতরে ২ পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা! নিউ গিনি প্রোপার্টিজের সংলগ্ন সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এরমধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি অতীতে প্রভাব বিস্তার করে ৮ কাঠা জমি দখল করেছে নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী ঘনিষ্ঠ নাজিম উদ্দীন। যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলও খেটেছেন।’

তিনি আরও যোগ করেছেন, ‘অতিসম্প্রতি তার কাছ থেকে ৫০০০ স্কয়ার ফিট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেছে সালমান মুক্তাদির। নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের মালিক নাজিম উদ্দীন অতিসম্প্রতি এমনভাবে ৩ টা নতুন গেট দিয়েছে, যাতে ভিতরে অন্য জমির মালিকরা ঢুকতে না পারে। দখলের উদ্দেশ্যে এমন করেছে বলে সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি। যে কারণে তারাও ক্ষুব্ধ হয়ে লোকজন ভাড়া করে গেট ভাঙতে গিয়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙ্ক্ষিত। সরকারি সাবেক কর্মকর্তা হিসেবে তারা আইনের আশ্রয় নিতে পারতো, তা না করে পাল্টা পেশিশক্তি দেখাতে গিয়ে পুরোপুরি বিএনপির উপর দায় চাপিয়ে দিতে একপ্রকার সহযোগিতা করেছে!’ 

পুরো ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দখল ও পাল্টা দখলের সাথে বিএনপির কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। কিন্তু গণঅভ্যুত্থানে পরে যারা ইসলামি ব্যাংক দখল থেকে শুরু করে বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখল করা শুরু করেছিল, তারাই আজকে সব ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানাতে অপচেষ্টা করে যাচ্ছে। সালমান মুক্তাদিরের উচিত ছিল, পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা, কিন্তু তিনি সব পক্ষের সাথে কথা না বলে বিএনপির লোকজনকে চাঁদা দেয়নি বলে স্টুডিও ভেঙেছে মর্মে বক্তব্য দিলেন! আশা করি, এবার তিনি সত্যতা তুলে ধরবেন। আমরা জুলাই যোদ্ধা সালমান মুক্তাদিরের সাথে ঘটে যাওয়ার জন্য ব্যথিত। ইনশাআল্লাহ, দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।’

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পাশের জমির মালিকের সঙ্গে বিরোধের জেরেই এই হামলা হয়েছে। সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠান এখানে টার্গেট ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

রোববার ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম (ক্রাইম প্রিভেনশন, নর্থ) বলেন, ‘চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।’

ইএইচ/

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর