চাঁদা না দেওয়ায় শনিবার রাতে ইসিবি চত্বর এলাকার কাছে নিউ গিনি কন্ডোমিনিয়াম সিটিতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। যদিও অভিযোগের বিষয়ে ভিন্ন কথা বলছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পাশের জমির মালিকের সঙ্গে বিরোধের জেরেই এই হামলা হয়েছে। সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠান এখানে টার্গেট ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
রোববার ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম (ক্রাইম প্রিভেনশন, নর্থ) বলেন, ‘চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে জানতে পেরেছি, গত রাতের ঘটনায় কিছু লোক দলবদ্ধভাবে এসে এখানে ভাঙচুর করেছে। এ ঘটনা পুলিশের ক্যান্টনমেন্ট থানার পুলিশ কর্মকর্তারা দ্রুত এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে। এরপর রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়।’
ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে সালমান বলেন, ‘এই পুরা অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে। …এই ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং।’
তিনি বলেন, ‘এরকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। বাংলাদেশের আর্টস, কালচার, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে এটাই ছিল একমাত্র এমন উদ্যোগ...মানে এফডিসিতেও এগুলা নাই। এখন সেটা ডেস্ট্রয় হয়ে গেছে।’
সালমান আরও বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে যদি আপনি কিছু করতে চান এবং এইটা করার সময় যদি আপনি কারো তোষামোদ না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো দলকে ফলো না করেন, আপনি যদি সিকিউরিটি টাকা-পয়সা দিয়ে কিনতে না পারেন, দিস ইজ হোয়াট হ্যাপেনস টু ইউ।’
সালমান দাবি করেন, দুর্বৃত্তরা স্টুডিওর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং কক্ষের অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পাশাপাশি ভাঙচুর করে তছনছ করে ফেলে স্টুডিওর ভেতরের বিভিন্ন সরঞ্জাম।
ইএইচ/




