দক্ষিণী তারকা নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির দ্বিতীয় দিনে আয় প্রায় ১০০ কোটি। গত ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিনেই নানির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং এনে দিয়েছে সিনেমাটি।
তবে বিভিন্ন দৃশ্য ও গল্প নিয়ে অভিনেতাকে সমালোচনার শূলে চড়িয়েছেন সিনেমাপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন। দর্শকদের সমালোচনা নজর এড়ায়নি তার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা নানি। এক পোস্টে জানান, দর্শকদের ভালোবাসা এবং ট্রোল উপভোগ করেছেন তিনি।
দক্ষিণী তারকার ভাষ্য, ‘আপনাদের সব প্রতিক্রিয়া ও মন্তব্য দেখেছি। ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি মজার ট্রোলগুলোও বেশ উপভোগ করেছি। দর্শকরা যেভাবে ছবিটি আপন করে নিয়েছেন, তাতে আমার বুক ভরে গেছে। একই সঙ্গে সমালোচকরা ছবির যে ভুলত্রুটিগুলো দেখিয়েছেন, তা থেকেও অনেক কিছু শিখেছি।’

অভিনেতা আরও বলেন, ‘সবকিছুর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের একটি দারুণ অভিজ্ঞতা দিতে অনেক কষ্ট ও পরিশ্রম করে ‘দ্য প্যারাডাইস’ ছবিটি তৈরি করেছি। এখন এটি আপনাদের হাতে, চাইলে এর প্রশংসা করতে পারেন, বিচার করতে পারেন। ছবিটির প্রতি উন্মাদনা এবং আমার প্রতি আপনাদের ভালোবাসার জন্য ভীষণ কৃতজ্ঞ।’
শ্রীকান্ত ওডেলা পরিচালিত অ্যাকশন সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। এর আগে ‘দসরা’ ছবির সাফল্যের পর এটি নানি ও পরিচালক জুটির দ্বিতীয় কাজ। ছবির গান ও মিউজিকে তাক লাগিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। একটি গানে ক্যামিও চরিত্রে দেখা গেছে কীর্তি সুরেশকে।
সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াডু লোহর, রাঘব জুয়াল ও মোহন বাবু।
ইএইচ/




