ক্যানসারের সঙ্গে লড়ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দীপিকা কক্কর। চলছে চিকিৎসা। তবে গুটিয়ে নেই অভিনেত্রী। ক্যানসার নিয়েই ফিরছেন কাজে। নিজের ভ্লগে খবরটি জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিউজিক ভিডিওতে দেখা যাবে দীপিকাকে। সেরেছেন নাচের মহড়াও। সঙ্গে থাকবেন তার স্বামী শোয়েব ইব্রাহিম। অভিনেত্রী বলেন, “এই মুহূর্তে আমার শরীরের যা অবস্থা, প্রতিদিনের ধারাবাহিকে কাজ করতে পারব বলে মনে হয় না। আর এই ধরনের চিকিৎসা চলাকালীন কেউ কেনই বা আমাকে কাজে নেবেন? এটা তো বোঝাই যাচ্ছে।”

অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন দীপিকা। তিনি মনে করেন চিকিৎসা চলাকালীন লম্বা প্রজেক্টে কাজ করা উচিত হবে না। তবে মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে অসুবিধা দেখছেন না তিনি। বলেন, “এ নিয়ে বেশি ভাবার কিছু নেই। চিকিৎসা চলছে, তার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে— এটাই স্বাভাবিক। তবে একটি গানের শুটিং যদি এক দিনেই করা যায়, তা হলে সেটা নিশ্চয়ই সামলানো সম্ভব।”
অসুস্থতার কারণে শরীর বেশ দুর্বল দীপিকার। একটানা নাচার মতো সক্ষমতা নেই।তাই মহড়ায় ১০ মিনিট অন্তর নিতে হচ্ছিল বিরতি। নইলে হাঁপিয়ে উঠতে হচ্ছিল। এরইমধ্যে শুটিং সম্পন্ন বলে জানিয়েছেন অভিনেত্রী। নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

২০২৫ সালে দীপিকার শরীরে লিভার ক্যানসার ধরা পড়ে। দ্বিতীয় স্টেজে ছিল রোগটি। সে বছরের জুনে অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এরপর থেকে নিজের শারীরিক আপডেট ভ্লগে নিয়মিত দিচ্ছিলেন। গেল ফেব্রুয়ারিতে লিভারে সিস্ট ধরা পড়ে। করা হয় দু দুটি অস্ত্রোপচার। শুরু করেন ইমিউনোথেরাপি। এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন অবভিনেত্রী।
আরআর




