শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘নাজা’ নির্মাতাদের হত্যার হুমকি, বাতিল হতে পারে ইসরায়েলের নাগরিকত্ব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

‘নাজা’ নির্মাতাদের হত্যার হুমকি, বাতিল হতে পারে ইসরায়েলের নাগরিকত্ব

গাজায় সাধারণ মানুষকে নির্বাচারের হত্যা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’কে ঘিরে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী তথ্যচিত্রের দুই ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম এবং রাচেল সোরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাস্তায় তাঁদের একটি দেয়ালচিত্র এঁকে অবমাননা করা হয়েছে। ছবিতে দেখা যায়, তাদের পাশে লাল রঙের টার্গেট চিহ্ন দিয়ে মুখে দেশদ্রোহী লিখে দেওয়া হয়েছে। আশদোসহ বিভিন্ন স্থানে তাঁদের বিরুদ্ধে বিক্ষাভ চালানো হয়েছে। অথচ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটিকে পঁচিশ মিনিট ধরে দাঁড়িয়ে সম্মান জানানো হয়েছিল। 

এই তথ্যচিত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বক্তব্য ব্যবহার করে গাজায় বেসামরিক মানুষের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় চালানো হত্যাযজ্ঞের বিষয়টি তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির নাম একটি হিব্রু গোয়েন্দা পরিভাষা থেকে নেওয়া, যা মূলত কোনো নির্দিষ্ট বিমান হামলায় আনুমানিক কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারে তা বোঝাতে ব্যবহৃত হয়।  

তবে ইসরায়েলি সামরিক বাহিনী তথ্যচিত্রের এসব দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা বেসামরিক লোকদের মৃত্যু এড়াতে সব ধরনের চেষ্টা চালায়। 

চলচ্চিত্রটি প্রকাশের পর থেকে এর নির্মাতারা এবং তাদের পরিবারের সদস্যরা একের পর এক হুমকি শিকার হচ্ছেন। মধ্য ইসরায়েলে সায়ভন এলাকায় রাচেল সোরের বাড়ির বাইরে ডানপন্থীরা বিক্ষোভ করে নির্মাতার মা-বাবাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। উদ্ভুত পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইডিএফ সৈন্যদের মানহানি করে এমন ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলের জন্য নতুন আইন আনার কথা জানিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনেও তথ্যচিত্রটি নিয়ে নিন্দা জানানো হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর নির্মাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিষয়টি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন।

ইসরায়েলে সামরিক বাহিনীকে সমালোচনা করাকে নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয়। তবে ইসরায়েলি সাংবাদিক ইউনিয়ন নির্মাতাদের প্রতি হুমকির নিন্দা জানিয়ে বলেছে, মুক্তবাক স্বাধীনতা ছাড়া কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না। এদিকে ইসরায়েলি-ফিলিস্তিনি আন্দোলন ‘স্ট্যান্ডিং টুগেদার’ তথ্যচিত্রটির প্রশংসা করে বলেছে, এটি গাজায় চলা যুদ্ধের আরেকটি ভয়ংকর অধ্যায় উন্মোচন করেছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর