হলিউডের রেড কার্পেটে জুটি বেঁধে হাজির হওয়া যেন একরকম নিয়মে পরিণত হয়েছে। তবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে চোখে পড়ল ভিন্ন দৃশ্য। জনপ্রিয় পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় একাই পা রাখলেন। স্বামী বেনি ব্ল্যাঙ্কোকে ছাড়া উপস্থিতিতে শুরু হয়েছে নানা গুঞ্জন। ভক্তদের মনে প্রশ্ন— কী এমন হলো যে তারকা দম্পতি একসঙ্গে অনুষ্ঠানে হাজির হলেন না?
এবারের এমি অ্যাওয়ার্ডসে সেলেনা তার নিজের কাজ ও সহশিল্পীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি একা উপস্থিত হন। তার অভিনীত ও প্রযোজিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর পঞ্চম মৌসুম এমি অ্যাওয়ার্ডসে ‘সেরা কমেডি সিরিজ’ বিভাগে মনোনীত হয়। শোর একজন প্রযোজক হিসেবে নিজের কাজের স্বীকৃতিকে কোনোকিছুর আড়ালে যেতে দিতে চাননি তিনি।
অন্যদিকে তার স্বামী বেনি ব্ল্যাঙ্কো ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে জানান, হার্ভার্ড বিজনেস স্কুলে তার নতুন বই ‘ফাক ফেইলর’-এর প্রচারণার ব্যস্ততা সময় পার করছেন। পেশাগত ব্যস্ততার কারণে এই দম্পতি এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে একসঙ্গে আসেননি।

আগামী ২৭ সেপ্টেম্বর এই দম্পতি তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন।
সম্পর্কের শুরুর দিনগুলো কেমন ছিল, তা নিয়ে সম্প্রতি স্প্যানিশ ম্যাগাজিন ‘এল পাইস’-এর আইকন সংস্করণে খোলামেলা কথা বলেছেন বেনি। তিনি জানান, সেলেনার সঙ্গে তার সম্পর্ক প্রায় আট থেকে নয় মাস গোপনে ছিল। সেলেনা নিজেই তাকে সম্পর্ক থেকে সরে যাওয়ার সুযোগ দিয়েছিলেন, কারণ সেলেনার অতিরিক্ত খ্যাতির কারণে বেনির সাধারণ জীবন যে চিরতরে বদলে যাবে তা তিনি ভালোভাবেই জানতেন। তবে বেনি সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সেলেনার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
ইএইচ/




