আইনি বিপাকে জনপ্রিয় মার্কিন তারকা সেলেনা গোমেজ। মানসিক স্বাস্থ্যের প্রসারে তৈরি করা তাঁর ভেঞ্চার ওয়ান্ডারমাইন্ড সংস্থাকে ঘিরে জালিয়াতির অভিযোগ উঠেছ। শুধু সেলেনা একা নন, তাঁর মা ম্যান্ডি টিফি এবং সংস্থার সাবেক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনের বিরুদ্ধেও জালিয়ার অভিযোগ। কোটি কোটি ডলার বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিনিয়োগকারীরা।
সূত্রের খবর অনুযায়ী, ‘ওয়ান্ডারমাইন্ড এসআরএস ৪৪ এলএলসি’ এবং ‘বেসপোক ওয়ান্ডারমাইন্ড এলএলসি’ নামের দুটি প্রতিষ্ঠান আইনি লড়াইয়ের পথে হেঁটেছে। তারা সরাসরি ওয়ান্ডারমাইন্ড গ্লোবালসহ সেলেনা, ম্যান্ডি ও পিয়ারসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সংস্থাকে লাভজনক প্ল্যাটফর্ম হিসেবে বড়া করে তুলে ধরা হলেও, আদতে চিত্র ছিল ভিন্ন। বিনিয়োগকারীদের ধোঁকা দিতে সুকৌশলে বিভ্রান্তিকর তথ্য সামনে আনা হয়েছিল।
পপ তারকা সেলেনার পরিচিতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বলে অভিযোগ। বিভিন্ন টেলিভিশন শো ও সাক্ষাৎকারে সেলেনা নিজে এই সংস্থার পক্ষে প্রচার চালিয়েছিলেন। পাশাপাশি ড্যানিয়েলা পিয়ারসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অতীতে তাঁর ব্যবসায়িক সফলতার গল্প শুনিয়ে এবং ভবিষ্যতে বিপুল লাভের আশ্বাস দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি।
প্রায় তিন বছর ধরে সংস্থার অন্দরে আর্থিক সংকট চললেও তা গোপন রাখা হয়েছিল। বিনিয়োগকারীরা বিন্দুমাত্র টের পাননি যে কোম্পানি ভেতরে ভেতরে দেউলিয়া হওয়ার পথে। তবে প্রতারণার চেষ্টা বেশিদিন আড়াল করে রাখা সম্ভাব হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‘দ্য কাট’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের সুবাদে প্রথম থলের বেড়াল বেরিয়ে পড়ে। ওই প্রতিবেদনে সংস্থার ভঙ্গুর অভ্যন্তরীণ অবস্থার কথা প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে নড়েচড়ে বসেন বিনিয়োগকারীরা।
পুরো ঘটনায় আর্থিক জালিয়াতি মামলা রুজু হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীরা বড় অংকের ক্ষতিপূরণ দাবি করেছেন।
ইএইচ/




