সুশান্ত সিং রাজপুতের মতোই রহস্যমণ্ডিত তার ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু। সম্প্রতি ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআই তার মৃত্যুতে নতুন করে এফআইআর দায়ের করেছে। যেখানে অভিযুক্তের তালিকায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ হেভিওয়েট সব ব্যক্তির নাম এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিশার মৃত্যুর মামলা তদন্তের ভার সিবিআইকে দিয়েছিল হাইকোর্ট। গতকাল রোববার সংস্থাটি নতুন করে মামলা দায়ের করে। আসামির তালিকায় নাম মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তার পুত্র আদিত্য ঠাকরে, মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা অনিল দেশমুখ, অভিনেত্রী রিয়া চক্রবর্তী, ডিনো মোরিয়া প্রমুখের।
এফআইআরে বলা হয়েছে, ‘দিশার মৃত্যুর সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব। তার পুত্র আদিত্য ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগে বহু নথিপত্র নষ্ট করা হয়েছে। মিথ্যা তথ্য পেশ করা হয়েছে। সরকারি অর্থ নয়ছয় করে প্রকৃত দোষীদের আড়াল করেছে পুলিশ।’
এফআইআরে আরও বলা হয়েছে, ‘আসল ঘটনা ধামাচাপা দিতেই দিশার আত্মহত্যার গল্প ফেঁদে প্রচার করা হয়েছিল। থানা থেকে শুরু করে ময়নাতদন্তের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক এবং নার্সদেরও অভিযুক্ত তালিকায় রেখেছে সিবিআই।’
২০০০ সালে মৃত্যু হয় সুশান্তের। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরদেহ। তার সপ্তাহখানেক আগে ৮ জুন এক বহুতল ভবনের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার হয় দিশার। সে সময় দিশার বাবা দাবি করেন তার মেয়েকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। আদালতের দ্বারস্থ হন তিনি। উচ্চ আদালত থেকে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সেই নির্দেশ মেনেই মামলা দায়ের করেছে সংস্থাটি।
আরআর




