সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। সিনেমা ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।
রায়হান খান পরিচালতি সিনেমাটিতে গত বছর যুক্ত হয়েছিলেন অভিনেত্রী। সিনেমা ছাড়ার বিষয়ে ফারিয়া জানিয়েছেন, সিনেমার অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে তার পক্ষে অভিনয় করা সম্ভাব হচ্ছে না। অভিনেত্রীর কথায়, ‘রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল। এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’

ফারিয়া আরও জানান, তার অংশের শুটিং এখনও শুরু হয়নি। তিনি বলেন, ‘শুনেছি ওঁনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’
২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।
ফারিয়া-বৃষ্টি ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।




