উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণের ঘটনা পুরনো। তবে সিনেমা থেকে উপন্যাস বাংলাদেশে এখনও হয়নি। এবার সেই নতুনের শুরু রায়হান রাফী নির্মিত ‘আন্ধার’-এর মাধ্যমে। সিনেমাটি থেকে লেখা হচ্ছে উপন্যাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেন পরিচালক।
নিজের ফেসবুকে উপন্যাসের প্রচ্ছদ শেয়ার করে রাফী লেখেন, ‘‘উপন্যাস থেকে সিনেমা হয়েছে অসংখ্য। কখনও কখনও পথটা হয় উল্টো— সিনেমা থেকে উপন্যাস। আমাদের জানা মতে, বাংলাদেশের প্রথম ফিল্ম নোভেলাইজেশন হিসেবে চলচ্চিত্র ‘আন্ধার’ থেকে তৈরি হচ্ছে উপন্যাস ‘আন্ধার’।’’ নির্মাতা জানান, ‘আন্ধার’কে উপন্যাসে রূপ দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন লেখক ওয়াসি আহমেদ।
পেশায় চিকিৎসক হলেও ওয়াসি আহমেদ নেশায় লেখক। ২০১৫ থেকে লিখছেন। বাজারে তার বইয়ের সংখ্যাও কম না। বের হয়েছে কলকাতা থেকেও। ঢাকা মেইলকে ওয়াসি জানালেন ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছে ‘আন্ধার’। উপন্যাসে থাকবে সিক্যুয়েলের গল্পের আভাস। শুরুতে তিনি বলেন, ‘লেখার ক্ষেত্রে সুপারন্যাচারাল মিথোলজি অ্যান্ড হরর জনরায় আমার আগ্রহ বেশি। পাশাপাশি একটি পডকাস্টের সঙ্গে যুক্ত আছি। যেখানেও এরকম কেস নিয়েও স্টাডি চলে।’

‘আন্ধারে’র প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগ সম্পর্কে বলেন, ‘‘শাকিব ভাইয়ের সঙ্গে চেনাজানা আগে থেকেই। উনি আমার বইও পড়েছেন। আমাদের আগ্রহের জায়গায় কিছু মিল রয়েছে। দুজনেরই কমিক্স পছন্দ। তাছাড়া অর্থহীনের সুমন ভাইসহ (সাইদুস সালেহীন সুমন) ওনারা একসময় ভূত এফএম করতেন। পরে ভৌতিস্ট নামে একটা টিম অপারেট করতেন। সুমন ভাই অসুস্থ হলে সেসব বন্ধ হয়ে যায়। তবে তাদের কাছে অনেকগুলো গল্প ছিল। ভবিষ্যতে হয়তো কাজ করতেন। কিন্তু প্রজেক্ট বন্ধ হয়ে গেলে শাকিব ভাইয়ের চিন্তা বদলায়। বড় পরিসরে কিছু করার কথা ভাবেন। সঙ্গে ছিলেন ওনার এজেন্সি পার্টনার আদনান আদিব খান ভাই। উনিও এই গল্পের লেখক। ওনারা সিদ্ধান্ত নেন এটাকে বিগস্ক্রিনে আনার। ওই জায়গা থেকেই ‘আন্ধারে’র জন্ম।’’
‘আন্ধার’ নিয়ে ওয়াসি বলেন, ‘‘আন্ধার’কে শুধু হরর মুভি বলা যায় না। পুরোদমে অ্যাকশনও থাকছে। কমিকগুলোতে যেরকম হিরোইক ফিগার দেখা যায় সেরকম কিছু হিরোইক অ্যাপিয়ারেন্সও আছে এই সিনেমায়।’’
এদিকে শুধু সিনেমায় তৃপ্ত ছিলেন না শাকিব। চাইছিলেন বইয়ের পাতায়ও থাকুক ‘আন্ধার’। ওই চিন্তা থেকেই ওয়াসীর সঙ্গে যোগাযোগ। এরকম উল্লেখ করে তিনি বলেন, ‘‘শাকিব ভাই চাইছিলেন ‘আন্ধারে’র ওপর নোবেলাইজেশন করতে। যেহেতু আমার কিছু সুপারন্যাচারাল বই আছে তাই উনি চাইছিলেন আমি করি কাজটি। ওই জায়গা থেকে ‘আন্ধার’ উপন্যাস।’’

সিনেমায় চোখ রাখা দর্শকদের অপূর্ণ কৌতূহলের ষোলোআনা মেটাবে উপন্যাস। এরকম জানিয়ে ওয়াসি বলেন, ‘দুই ঘণ্টায় হয়তো পুরো গল্প বলা যায় কিন্তু অনেক কৌতূহল, প্রশ্ন থেকে যায়। সেসবের উত্তর পাওয়া যাবে উপন্যাসে। পর্দায় যেসব দৃশ্য হঠাৎ শেষ হয়ে যাবে সেসবের বিস্তারিত থাকতে পারে। যা দর্শকের কৌতূহল মেটাবে।’
লেখক জানান, এক সিনেমায় সমাপ্তি ঘটবে না ‘আন্ধারে’র। হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সিক্যুয়েলের গল্পের আঁচও পাওয়া যাবে বইয়ে। তার কথায়, ‘‘আন্ধার’ একটি ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছে। সেক্ষেত্রে সিক্যুয়েলের গল্পের আভাসও দেবে উপন্যাসটি। ক্যারেক্টারগুলোর ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়তো বিস্তারিত থাকবে।’’
বর্তমানে লিখছেন ওয়াসি। অমর একুশে গ্রন্থমেলা ২০২৭-এ আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে আসছে উপন্যাস ‘আন্ধার’। মোড়ক উন্মোচনের দিনও চমক থাকবে বলে জানালেন লেখক। তার কথায়, ‘যেহেতু এর আগে এরকম কাজ বাংলাদেশে হয়নি তাই প্রথম সংস্করণটা এক্সক্লুসিভ করতে চাইছি। বুকমার্ক হিসেবে সিনেমার প্রথম শোয়ের টিকিট এবং পোস্টারের আর্টওয়ার্ক থাকবে। প্রকাশের দিন সিনেমার শিল্পী ও কলাকুশলীরাও বইমেলায় থাকবেন।’

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিগা তুষি। আরও আছেন চঞ্চল চৌধুরী, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতি প্রমুখ।
আরআর




