ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে। এমনকি তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে।
বাঁধনের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি লেখেন, ‘একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে, সেই নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠনের পলাতক নেতাকর্মীরা এখনও হামলা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা পরাজিত ও নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পুরোনো সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ।’
ইতালিতে আ.লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন জুলাইয়ের গণআন্দোলনে সাহসের সঙ্গে রাজপথে ছিলেন। দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। সেই মানুষটির ওপর হামলা প্রমাণ করে, পরাজিত সন্ত্রাসী শক্তি এখনো প্রতিশোধ ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি থেকে বের হতে পারেনি।’
এনসিপি নেতা পোস্টে দাবি করেন, ‘হামলা করে, ভয় দেখিয়ে কিংবা সহিংসতা চালিয়ে অরাজকতা করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না।’
জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে মনে হয়েছিল সবকিছু হয়তো এখানেই শেষ: বাঁধন
হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ইতালির মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার সঙ্গে জড়িতদের দেশটির প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। বাঁধনের প্রতি আমাদের পূর্ণ সংহতি। জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’
ইএইচ/




