বলিউডের বহুল আলোচিত স্বজনপ্রীতি বা নেপটিজম বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ার্সি। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি যখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন তখন নেপটিজম বিষয়টি সেভাবে আলোচনায় ছিল না। ইস্যুটিকে মূলধারায় নিয়ে আসার পুরো কৃতিত্ব কঙ্গনা রানাওয়াতের।
আরশাদ বলেন, ‘কঙ্গনাই প্রথম নেপটিজম বিষয়টি সামনে নিয়ে আসেন। এরপর থেকে বিষয়টি বড় আকার ধারণ করে। সবাই এ নিয়ে কথা বলতে শুরু করে।’
অভিনেতার মতে, বলিউডের স্বজনপ্রীতি রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে অভিনয় দক্ষতা না থাকলে টিকে থাকা যায় না। আরশাদের কথায়, ‘বলিউডে নেপোটিজম থাকলেও তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দিনশেষে আপনার প্রতিভা কেমন, সেটাই সবচেয়ে বড় কথা। অভিনয় দক্ষতার জোরে আপনি অনেক দূর যেতে পারবেন। স্টারকিডরা হয়তো সহজে কাজ পায়। তবে আপনার মধ্যে যদি সত্যিকারের প্রতিভা না থাকে তবে সেই দরজাও খুব দ্রুত বন্ধ হয়ে যায়। স্টারকিড হওয়া মোটেও সহজ নয়। কারণ তাদের ওপর সবার প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। আমি নিজের সন্তানদের ক্ষেত্রেও বিষয়টি দেখতে পাচ্ছি। মানুষ ধরে নেয় তারকাদের সন্তান মানেই তাদের ভালো অভিনেতা হতে হবে। এই অতিরিক্ত চাপ তাদের জন্য মোটেও ঠিক নয়।’
আরশাদকে সবশেষ বড় পর্দায় দেখা যায় ‘ধামাল ৪’ সিনেমায়। সামনে তাকে তিগ্মাংসু ধুলিয়ার পরিচালনায় ‘ঘমসান’ সিনেমায় দেখা যাবে। ওয়েব সিরিজে আরশাদ ছাড়াও অভিনয় করছেন প্রতীক গান্ধী, রাজপাল যাদব এবং ইশিতা দত্তর মতো অভিনেতা। এটি আগামী ১১ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাবে। এ ছাড়া সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে তাকে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
ইএইচ/




