কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে নতুন আয়োজনে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবাম ঘিরে সংগীতাঙ্গনে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গান বিকৃত করার অভিযোগ এনে অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামের ‘রূপালী গিটার’ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ভয়েস ফর এবি’। গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের শিল্পী, মিউজিশিয়ান ও সংগীতপ্রেমীরা।
রুটস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সংগীতশিল্পী হাফিজ মুবিনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, এই কর্মসূচি কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়। বরং আইয়ুব বাচ্চুর গান যেন যথাযথ মর্যাদায় সংরক্ষিত থাকে এবং মূল গানের সুর ও আবেগ বিকৃত না হয়। সেটাই তাদের একমাত্র দাবি। নতুন প্রজন্ম আইয়ুব বাচ্চুর গান কভার করুক তাতে তাদের কোনো আপত্তি নেই। তবে মূল গানের প্রতি সম্মান থাকতে হবে।
উত্তরাধিকার অ্যালবামটির প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী ও এলআরবি ব্যান্ডের ড্রামার গোলাম রহমান রোমেল। তিনি বলেন, ‘মনে কষ্ট পেয়ে এই মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সবাই। সবার একটাই দাবি, উত্তরাধিকার প্রজেক্ট বাতিল করা হোক।’ রোমেল অভিযোগ করেন, উত্তরাধিকার প্রকল্পে যে গানগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর সঙ্গে তার গভীর আবেগ জড়িত। তিনি স্টেজে আইয়ুব বাচ্চুর সঙ্গে অসংখ্যবার বাজিয়েছেন। নতুন আয়োজনে ‘ঘুমন্ত শহর’ ও ‘কষ্ট কাকে বলে’ গানগুলো শোনার পর তিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি উল্লেখ করে বলেন, ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না। স্যারের গান সবাইকে গাইতে দেওয়া উচিত। নতুন আয়োজনেও করা যেতে পারে। তবে অবশ্যই রেসপেক্ট থাকতে হবে। গানের গীতিকারদের সঙ্গে আলোচনা করা যেত। হামিন আহমেদ, টিপু ভাই, পার্থদাসহ সিনিয়র মিউজিশিয়ানদের সঙ্গে আলোচনা করে গানগুলো করা যেত।’
উত্তরাধিকার অ্যালবামে গান ব্যবহারের ক্ষেত্রে অনুমতি না নেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন গানগুলোর গীতিকারেরা। অ্যালবামের ছয় গীতিকার বাপ্পী খান, লতিফুল ইসলাম শিবলী, যায়েদ আমীন, এনজেল শফিক, নিয়াজ আহমেদ অংশু এবং প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর পক্ষে আহমেদ শাফি চৌধুরী প্রতীক— যৌথ বিবৃতিতে তাদের আপত্তির কথা জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, উত্তরাধিকার প্রকল্পে ব্যবহৃত তাদের লেখা কোনো গানের জন্য তারা কোনো দায়বদ্ধতা স্বীকার করেন না। এমনকি কাউকে কোনো অনাপত্তিপত্র প্রদান করেননি। গীতিকাররা জানান, এই ধরনের দলিল কেবল সাধারণ সম্মতির গণ্ডি পেরিয়ে তাদের অধিকার, রয়্যালটি ও অন্যান্য স্বার্থ সমর্পণ বা হস্তান্তরের শামিল। অর্ধেক মেধাস্বত্বের মালিক হওয়া সত্ত্বেও তাদের কাউকে না জানিয়ে গানগুলো নতুনভাবে তৈরি করা আইনত অপরাধ ও অপমানজনক।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ইউটিউবে ‘উত্তরাধিকার’ অ্যালবামের প্রথম গান প্রকাশিত হয়। প্রতিদিন একটি করে গান প্রকাশের কথা থাকলেও ৭টি গান প্রকাশের পর তা বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এর মধ্যেই গান বিকৃত ও মানহীনভাবে উপস্থাপনের তীব্র সমালোচনার মুখে ইউটিউব থেকে কানিজ সুবর্ণার গাওয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ এবং অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহর’ গান দুটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইয়ুব বাচ্চুর পরিবার কিংবা উত্তরাধিকার অ্যালবামের পরিকল্পক চিশতি ইকবালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
ইএইচ/




