দেড় দশক আগে একটি গান লেখে ব্যান্ড অ্যাশ্যেজ। এর চার বছর পর তারা ঘটা করে গানটি প্রকাশের ঘোষণাও দেয় সামাজিক মাধ্যমে। কিন্তু ১১ বছর কেটে গেলেও ‘বিলবোর্ডের নিচে’ নামের সে গান দেখেনি আলোর মুখ। এক দশক পর গানটি আজ বৃহস্পতিবার আটটায় প্রকাশ পেতে যাচ্ছে।
সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেন অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান। ১৫ বছর পর রিলিজ হবে ‘বিলবোর্ডের নিচে’ জানিয়ে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘২০১৫ সালে আমরা অ্যাশেজ এর ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছিলাম আমাদের দ্বিতীয় এ্যালবামের কথা। সেখানে এই গানটি ছিল। যা তৈরি হয়েছিল তারও ৪ বছর আগে।’
_20260827_144807309.jpg)
২০১৫ সালের সে ঘোষণার স্ক্রিনশট প্রকাশ করে গায়ক লেখেন, ‘‘ছবিতে যে গানগুলোর নাম লেখা হয়েছে তার অনেক গানই পরবর্তীতে বিভিন্ন সময়ে রিলিজ হয়েছে। কম বেশি সবাই এখন গান গুলোকে চেনে। ‘বিলবোর্ডের নিচে’ ওই এ্যালবামের প্রথম গান ছিল। যা রিলিজ হবে ২৭ আগষ্ট ২০২৬! এটাই ধৈর্য, পরিশ্রম, কমিটমেন্ট, নিজেকে কথা দিয়ে ভুলে না যাওয়া, প্রেম এবং প্রতিশ্রুতি।’’
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ইভান বলেন, ‘১১ বছর আগে গানটা প্রকাশের ঘোষণা দিয়েছিলাম। কোনো কারণে তখন গানটা রিলিজ করা সম্ভব হয়নি। তবে অবশেষে রিলিজ হচ্ছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তাও আছে, আমাদের যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি; কথা দেওয়ার পর সেটা ভুলে না যাওয়া; সেটা প্রমাণিত হচ্ছে। শ্রোতাদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতি অটুট রেখেই আমরা পথ চলতে চাই।’

সম্প্রতি চলছে অ্যাশেজের তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’-এর প্রকাশনা। অপ্রকাশিত ‘বিলবোর্ডের নিচে’র মুক্তি মিলছে এর সপ্তম গান হিসেবে। মাস তিনেক আগে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
আরআর




