এরইমধ্যে শতাধিক ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। এবার তাদের পাশে দাঁড়াতে নিজেদের গান বিক্রি করবে ব্যান্ডটি। ঢাকা মেইলকে এ খবর জানিয়েছেন ব্যান্ডের গায়ক জুনায়েদ ইভান।
বছর দুয়েক আগে ইভান জানিয়েছিলেন, ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসায় অর্থ সহায়তার কাজটি আরও গুছিয়ে করতে চান। ওই ভাবনা থেকেই গান বিক্রির উদ্যোগ। অ্যাশেজের পরবর্তী অ্যালবাম বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে অসহায়দের চিকিৎসায়।

ইভান বলেন, ‘‘ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে আমাদের পরবর্তী অ্যালবামের গানগুলো বিক্রি করব। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে। অ্যালবামের নাম ‘মানুষের জন্য’। আগামী বছরের শেষের দিকে আসবে অ্যালবামটি।’’
এদিকে সম্প্রতি এক অন্ধ তরুণের পাশে দাঁড়িয়েছে অ্যাশেজ। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছিলেন ইভান। লিখেছিলেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়েছি তার সাথে দেখা করতে। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি। কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।’

তিনি বলেছিলেন, ‘ছেলেটি বস্তিতে থাকে। কয়েক বছর আগে অসুস্থতায় তার চোখের আলো নিভে যায়। ওর বাবা রিকশা চালান। ছেলেটি এবং তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানতে বলেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন এবং আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
অ্যাশেজের মানবিক কার্যক্রম চলছে অনেক দিন হলো। ব্যান্ডটির প্রতিটি কনসার্ট থেকে আসা অর্থের কিছু অংশ ব্যয় করা হয় ক্যানসার-কিডনিসহ বিভিন্ন রোগাক্রান্ত অসহায়দের পেছনে। এবার পুরো অ্যালবামের গান বিক্রি করে পাশে দাঁড়াবেন ক্যানসার-কিডনি রোগীদের।
আরআর




