বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

হৃদরোগে মারা গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

হৃদরোগে মারা গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা

বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা কুকি কোহলি মারা গেছেন। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিচালক ও বন্ধু অশোক পণ্ডিত সংবাদমাধ্যম পিটিআইকে জানান, গত সোমবার শারীরিক অস্বস্তি বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। সামাজিক মাধ্যম দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘কুকি কোহলিজির আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি একজন খুব ভালো পরিচালক ছিলেন। তবে তার চেয়েও বড় কথা হলো তিনি ছিলেন একজন চমৎকার মানুষ। যিনি সর্বদা সবার প্রতি সদয়, সহযোগী পরায়ন এবং শ্রদ্ধাশীল ছিলেন।’

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ফুল অউর কাঁটে’ দিয়ে পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন কুকি কোহলি। এই সিনেমার মাধ্যমে অভিনেতা অজয় দেবগন নায়ক হিসেবে ব্যাপক প্রশংসা পান। ছবিতে অরুণা ইরানিও অভিনয় করেছিলেন। একই বছর তিনি ‘কোহরাম’ সিনেমা পরিচালনা করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিশমা কাপুর ও নাগমাকে নিয়ে তিনি নির্মাণ করেন সুপারহিট সিনেমা ‘সুহাগ’।

তার দীর্ঘ কর্মজীবনে তিনি ‘হকিকত’, ‘আনাড়ি নম্বর ওয়ান’, ‘জুলমি’ এবং ‘য়ে দিল আশিকানা’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও তেরা নাম থা’ ছিল তার পরিচালনায় নির্মিত শেষ চলচ্চিত্র।

ব্যক্তিগত জীবনে তিনি কিংবদন্তি অভিনেত্রী অরুণা ইরানিকে বিয়ে করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী অরুণা ইরানি এবং প্রথম স্ত্রী রীতা কোহলির পক্ষের দুই কন্যা পূজা ও কারিশমাকে রেখে গেছেন।  বুধবার সকাল ১১টায় ওশিয়ারা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর