‘ধুরন্ধরে’ রেহমান ডাকাইত হয়ে দর্শকের মন ভরিয়েছেন অক্ষয় খান্না। তারপর থেকেই অভিনেতাকে ব্যতিক্রম চরিত্রে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। অপেক্ষার অবসান ঘটছে। এবার পৌরাণিক চরিত্রে দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের একে প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘মহাকালী’ সিনেমায় ঋষি শুক্রাচার্যের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। এ ছবি দিয়েই তেলুগু ছবিতে নাম লেখালেন অভিনেতা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ঝলক। যেখানে শুক্রাচার্যের বেশে ধরা দিয়েছেন অভিনেতা।
ছবির কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে দেখা যাবে শুক্রাকে। চরিত্র বাছাইয়ে বড় খুঁতখুঁতে অক্ষয়ের শুক্রাচার্যে যুক্ত হওয়ার কারণ জানা গেছে। চরিত্রটি শুধু ‘খল’ না। ভারতীয় পুরাণে শুক্রাচার্য অত্যন্ত জ্ঞানী এক ঋষি হিসাবেও পরিচিত। এই জটিলতা ও নৈতিক দিক থেকে ধূসর চরিত্র অক্ষয়কে আকৃষ্ট করেছিল বলে জানায় সূত্র।,
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় ‘মহাকালী’র দৃশ্যধারণ। এপ্রিলের মধ্যে বড় একটি অংশের কাজ সম্পন্ন হয়। শুটিং হয় কলকাতায়ও। এতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে রোহিত সরাফ, শ্রীয়া রেড্ডী, রাকেশ বেদী, রজত কপূরকে।
এর আগে ‘দৃশ্যম-৩’-এ অভিনয়ের কথা ছিল অক্ষয়ের। শোনা যায়, পারিশ্রমিক ও ‘লুক’ নিয়ে মতপার্থক্যের কারণে ছবিটি ছেড়ে দেন তিনি। শুক্রাচার্য মনে ধরায় আর ফেরাননি। ছবির প্রথম ঝলকে পৌরাণিক সুপারহিরো অ্যাকশন ঘরানার আভাস পাওয়া গেছে। ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে ছবিটির। এটির নির্মাতা প্রশান্ত ভার্মা।
আরআর




