রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

স্কুল-কলেজ-মাদরাসায় শিক্ষা দেওয়ার পরও অমানুষ জন্ম নিচ্ছে: আসিফ আকবর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

শিশুদের নৃশংস হয়ে ওঠার পেছনে পারিবারিক ও সামাজিক শিক্ষা দায়ী: আসিফ

বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই দেশের সমসাময়িক নানা ইস্যু নিয়ে ফেসবুকে খোলামেলা কথা বলেন। এবার সমাজের ভেতরের পচন, মানুষের নির্মম আচরণ এবং শিশুদের মানসিক বিকাশ নিয়ে কথা বলেছেন তিনি।

শিশুরা ছোটবেলা থেকে হিংস্রতা ও নৃশংসতা শেখে সেটা তিনি শৈশবে দেখেছেন উল্লেখ করে আসিফ লিখেছেন, ‘বিশ্বস্ত কুকুরের গায়ে গরম পানি আর ভাতের মাড় ঢেলে প্রশিক্ষণ শুরু। লাঠিপেটা বা দূরদূর ভাব তো আছেই। বিড়াল মুখ দেবে এজন্য খাবার শিকেয় ঝুলিয়ে রাখা, বিড়ালের হাড্ডি খুব শক্ত, কাল বিড়াল অপয়া, সুতরাং পিষে মেরে ফেলো, ইদানীং তো চোখ-মুখও ক্ষতবিক্ষত করে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। ক্ষেত-খামারের কাজে কিংবা বোঝা টানা গরু-মহিষ-ঘোড়া পেটাতে পেটাতে হাত এমনিতেই পাকা হয়ে যায়।’

তিনি আরও লেখেন, ‘নিরীহ মেছোবাঘ, গুইসাপ, শেয়াল, বেজি, সাপ পিটিয়ে হত্যা করা হয় উৎসবমুখর পরিবেশে। খাঁচায় বন্দী পশুপাখি বিক্রি ধর্মে হারাম হলেও এসব কার্যক্রম চলে ওপেনলি। ছোট বাচ্চাসহ গৃহকর্মী থাকলে তার ওপর টর্চার করা একটা ফ্যাশন। বাংলাদেশের মক্তব-স্কুল-কলেজ-মাদ্রাসায় এত শিক্ষা দেওয়ার পরও অমানুষ জন্ম নিচ্ছে জ্যামিতিক হারে। পারিবারিক-সামাজিক নৃশংসতায় নিঃসন্দেহে বাংলাদেশ বিশ্বসেরা বুনিয়াদী প্রশিক্ষণের হেডকোয়ার্টার। এ দেশে বিনোদনকে হারাম বলা হয়, ধর্ষণ-বলাৎকার, মাদক, সুদ, ঘুষ, দুর্নীতির ব্যাপারে মুখে কুলুপ আঁটা থাকে। এভাবে মানসিক বিকৃতি অটোমেটিক্যালি বাড়তেই থাকে।’

পশ্চিমা বিশ্বের সঙ্গে তুলনা টেনে আসিফ লেখেন, ‘সাগরে হাঙ্গর সবচেয়ে ভয়ংকর প্রাণী। পশ্চিমারা তো বিধর্মী, তারা বেহেশতে যাবে না, জীবনভর এসব ক্রমাগত শুনে আসছি মাইকে। অথচ ওরা সেই হাঙ্গরকে বাচ্চাদের সামনে তুলে ধরেছে বেবি শার্ক, মাম্মি শার্ক গান আর ভিজ্যুয়ালের মাধ্যমে। বাচ্চারা ট্যাব দেখে মানবতা শেখে, তারা প্রাণীদের প্রতি সদয় হওয়া শিখে বড় হয়। রাস্তার পাশে কিংবা ডাস্টবিনে পশুপাখির খাবার হয় অমানুষদের ফেলে যাওয়া সদ্যজাত শিশু। কল্যাণকর বিশ্বব্যবস্থার পুরোপুরি উল্টোদিকে মার্চ করছে বাংলাদেশ। ভোটের হিসাব আর অপরাজনীতির খপ্পরে আটকে গেছে জনজীবনের লাভ-লোকসানের হিসাব। অটোরিকশার দৌরাত্ম্যে ঘরে ঘরে মৃত্যু আর পঙ্গুত্ব স্বাভাবিক ঘটনা হলেও রাষ্ট্র নির্বিকার। দেশে দীর্ঘদিন ধরে আইয়ামে জাহেলিয়াতের ট্রেইলার চলে আসছে, পুরো সিনেমা শেষ হলে দেশটা অসভ্যদের জাহান্নামেই পরিণত হবে—এই বিষয়ে কোনো সন্দেহ নেই।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর