প্রায় মাস খানেক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা।সেখানে ৯-১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। নতুন খবর হলো দীর্ঘ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন মেঘলা মুক্তা। তবে শারীরিক অসুস্থতা নিয়ে কঠিন সময় পার করছেন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
রোববার (২৩ আগস্ট) রাতে ১২টা ৪৮ মিনিটে এক পোস্টে মুক্তা লেখেন, ‘হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।’

দুর্ঘটনায় চেহারা মারাত্মক ক্ষতি হয়েছে। অস্ত্রোপচারের পর মুখে দাগ রয়ে গেছে। সারতে সময় লাগবে। সে কারণে অভিনেত্রীকে অনেকে পরামর্শ দিচ্ছেন সেলাই, দাগ নিয়ে কিছু না লিখতে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেছে, মুখের সেলাই, দাগ এসব কিছু লিখতে নেই। কিন্তু আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই। তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম— আমি লড়ছি। আমি ফিরব।’ সঙ্গে একটি দৃঢ়তার ইমোজি জুড়ে দেন তিনি।
এর আগে ২৭ জুলাই এক পোস্টে ভাঙা মুঠোফোনের কয়েকটি ছবি দিয়ে মুক্তা লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’
সেই পোস্টের দুই দিনের মাথায় তাঁর দুর্ঘটনার খবরটি জানানো হয়। মেঘলা মুক্তা অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।




