বলিউড তারকা সালমান খানের জিমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আগুন লাগে অভিনেতার জিমে। খবরটি ছড়াতেই কপালে ভাঁজ অনুরাগীদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউড সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সোয়া দশটায় সালমান ফ্র্যাঞ্চাইজির দিল্লির গ্রেটার কৈলাশ ১-এ এলাকায় অবস্থিত জিমের নিচতলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দমকল বাহিনি পৌঁছার আগেই ভবনে আটকা পড়াদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা নেয় তারা। পরে দমকল বাহিনি আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি। পাশাপাশি আগুন লাগার কারণও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে মাঠে নেমেছে তারা।
বলিউডের শরীর সচেতন তারকাদের মধ্যে অন্যতম সালমান। পর্দায় তার পেটানো শরীর দেখতে মুখিয়ে থাকতেন দর্শক। এখনও তার ফিটনেস টেক্কা দেয় অন্যদের। যা ধরে রাখতে নিয়মি জিমে ঘাম ঝরাতে হয় অভিনেতাকে। পাশাপাশি আগে থেকেই একজন জিম ব্যবসায়ীও তিনি। ভারতের একাধিক স্থানে ব্যায়ামাগার রয়েছে তার। সেগুলোর একটিতেই এবার অগ্নিকাণ্ড।
মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প। শুরুতে ‘ব্যাটল অব গালওয়ান’ নাম থাকলেও পরে বদলে হয় ‘মাতৃভূমি’। চলতি বছর মুক্তির কথা রয়েছে।
আরআর




