বাংলা চলচ্চিত্রকে যদি রাজ্য ধরা হয়, তাহলে সেই রাজ্যের রাজা ছিলেন নায়ক রাজ্জাক। আর এ কারণেই জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ‘নায়করাজ’ উপাধি। ২০১৭ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পড়ি জমান তিনি। ৯ বছর হচ্ছে তিনি নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া পদচিহ্ন চিরঞ্জীব হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে।
বরেণ্য অভিনেতার মৃত্যুদিনে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাঁকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না। ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়। বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাঁকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো- খুবই ব্যক্তিগত।’
শাকিব যোগ করেন, ‘তিনি নেই, কিন্তু তাঁর স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে। আমাদের অহংকার হয়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন আমাদের প্রিয় নায়করাজ।’
এদিকে শাকিব খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায়। শাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।
ইএইচ/




