আজ ২০ আগস্ট চিত্রনায়িকা পূজা চেরির জন্মদিন। বিশেষ দিনে পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে উপহার পেয়ে আবেগআপ্লুত তিনি। বৃহস্পতিবার জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
পূজা লিখেছেন, ‘আমি কখনও জানতাম না জন্মদিনের কোনো সারপ্রাইজ আমার হৃদয়ে এতটা গভীর দাগ কাটবে। তোমরা শুধু আমাকে চমকেই দাওনি, বরং ভালোবাসার এক অন্যরকম অনুভূতির পরশ বুলিয়ে দিয়েছ। প্রতিটি ছোট ছোট চেষ্টা, প্রতিটি খুঁটিনাটি বিষয় এবং প্রতিটি মুহূর্ত জন্মদিনটিকে চিরস্মরণীয় করে তুলেছে। কিছু মানুষ জীবনের অংশ হয়ে ওঠে, আর কিছু মুহূর্ত হৃদয়ে জায়গা দখল করে নেয়। আজকের এই মুহূর্তটি চিরকাল দুটোরই অংশ হয়ে থাকবে। সবসময় ভালোবেসো। শুভ জন্মদিন আমায়!’

ছবিতে দেখা যায়, জীবনের বিশেষ দিনে পূজা পরেছেন সুন্দর ধূসর রঙের এমব্রয়ডারি করা জামা। সঙ্গে মানানসই ওড়না। জন্মদিনে বেশকিছু উপহার পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্বাদের কেক, শাড়ি, কানের দুল, হাতঘড়িসহ বাহারি রঙের গোলাপ।
পোস্টের মন্তব্যের ঘরে পূজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভক্ত-অনুরাগীরা।
খুলনায় জন্ম নেওয়া পূজা চেরি শিশুশিল্পী হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমায় অভিনয় করেন। এরপর ২০১৮ সালে ‘নুরজাহান’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’, ‘গলুই’, ‘জী্ন’, ‘লিপস্টিক’ প্রমুখ সিনেমার নায়িকা হয়ে জনপ্রিয়তা পেয়েছেন।

পূজাকে সর্বশেষ গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমায় দেখা গিয়েছিল। অভিনেত্রীর বিপরীতে ছিলেন আফরান নিশো। এছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।
ইএইচ/




