শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

অভিনেত্রীর বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার জিম ট্রেইনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

অভিনেত্রীর বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার জিম ট্রেইনার

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রীর বোনকে ধর্ষণের অভিযোগে রাঘবেন্দ্র নামের এক জিম ট্রেইনারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বাড়ি বেঙ্গালুরু তালাঘাট্টাপুরা এলাকায়। ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাঘবেন্দ্র এবং ওই তরুণী একসময় একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে বন্ধুত্ব। পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন রাঘবেন্দ্র। পরবর্তীতে তিনি জানতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি আগে থেকে বিবাহিত ছিলেন। তাঁর একটি সন্তানও রয়েছে।

সত্য জানার পর ওই তরুণী রাঘবেন্দ্রর সাথে যোগাযোগ বন্ধ করেন। কিন্তু তাতে বিপত্তি বাড়ে। তরুণীর অভিযোগ, নিয়মিত তাঁর কিছু গোপন মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন রাঘবেন্দ্র। বাধ্য হয়ে নিজের অভিনেত্রী বোনের সহায়তায় পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগের পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়। এবং ফোন থেকে সমস্ত আপত্তিকর ছবি মুছে দেওয়া হয়।

রাঘবেন্দ্রকে গ্রেফতারের পর তালাঘাট্টাপুরা থানায় তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, গত চার বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণী অন্য এক যুবকের সাথে সময় কাটাতে শুরু করায় তিনি নিজে থেকে সম্পর্ক থেকে সরে আসেন।

রাঘবেন্দ্র আরও অভিযোগ করেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই তরুণী তাঁকে ও তাঁর মাকে নিয়মিত ফোন করে হুমকি দিচ্ছিলেন। তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি। তাঁর এই আচরণের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করেছেন বলে দাবি রাঘবেন্দ্রর।

বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তরুণীর অভিযোগ এবং রাঘবেন্দ্রর করা পাল্টা অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর