যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’ খ্যাত তারকা টাইলার ডাকওয়ার্থ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। গত বৃহস্পতিবার তার মা জনি ফেসবুক পোস্টে ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে টাইলারের নিচতলার প্রতিবেশীরা সিলিং দিয়ে পানি পড়তে দেখেন। পরে পুলিশ টাইলারের বাসায় গিয়ে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো রহস্যজনক বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে টক্সিকোলজি রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।
মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মিনিয়াপলিসে ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া ইভেন্টে’ অংশ নিয়েছিলেন তিনি। সেখানে সহকর্মীদের সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন টাইলার। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
২০০৬ সালে এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন টাইলার। সাঁতারু হিসেবে পরিচিত টাইলার ‘দ্য চ্যালেঞ্জ’ শোয়ের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছিলেন। শোবিজ অঙ্গনের বাইরে তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন।
ইএইচ/




