অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’-এর করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত। ১৩ আগস্ট সকালে প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এই জামিন মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থায়ী থাকবে।
জামিন পেয়েই ফেসবুকে তিশার দাবি, যার সঙ্গে শাড়ি নিয়ে প্রথম কথা হয়েছিল তিনি নিজেকে আড়ালে রাখছেন। মামলা করিয়েছেন অন্যকে দিয়ে। এবার যার সঙ্গে শাড়ি নিয়ে প্রথম কথা হয়েছিল তার ছবি প্রকাশ করলেন তিশা।
নিজের ফেসবুকে ওই নারীর কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিশা। সেইসঙ্গে লিখেছেন, ‘সত্যের জয় সুনিশ্চিত, আইনের প্রতি আমি সদা শ্রদ্ধাশীল। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আমার বিরুদ্ধে দায়েরকৃত সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন মঞ্জুর করেছেন।’
এরপর আদালত প্রাঙ্গনের একটি ঘটনা বর্ণনা করেন অভিনেত্রী। লেখেন, ‘কিন্তু আজকের আদালত প্রাঙ্গণের একটি দৃশ্য দেখে না হেসে পারলাম না। যে ফেসবুক পেজের শাড়ি নিয়ে এত জলঘোলা, সেই ব্যবসার কথিত মালিক নিজে বিজ্ঞ আইনজীবীদের মতো 'কোর্ট ড্রেস' পরে আদালতে উপস্থিত ছিলেন! মামলা করিয়েছেন অন্য একজনকে দিয়ে। নিজেকে রেখেছেন আড়ালে! কোর্ট থেকে বেরিয়ে গেছেন সাংবাদিক এড়িয়ে!’
ছবির নারীকে নিয়ে লেখেন, ‘ইনিই সেই মহিলা যার সাথে আমার শাড়ি নিয়ে কথা হয়েছে শুরু থেকে। তবে কেন নিজেকে লুকিয়ে রাখতে চান নিজেকে? যে শাড়িটি ঘিরে এত আইনি নাটকীয়তা ও ফৌজদারি মামলা দায়েরের অপচেষ্টা সেই শাড়িটি পরিধান করে আমি বহু আগেই আমার ভেরিফায়েড পেজে ছবি আপলোড করেছি এবং তাদের পেজও যথানিয়মে মেনশন করে দিয়েছি।’
সবশেষে তিশা লেখেন, ‘সবকিছু স্পষ্ট থাকার পরও একই বিষয় নিয়ে এই ধরনের মামলা দায়ের প্রমাণ করে, এটি কোনো প্রকৃত আইনি বিরোধ ছিল না; এটি ছিল কেবলই সস্তা ‘নেগেটিভ মার্কেটিং’ ও প্রচার পাওয়ার এক অপকৌশল এবং তার স্বামী সচিব হওয়ায় ক্ষমতার দারুণ অপব্যবহার! কিন্তু সত্যের কাছে ক্ষমতার বড়াই টেকে না, তা প্রমাণিত! আমার পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও ভক্তদের অসংখ্য ধন্যবাদ।’
২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।
সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তিশা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।
আরআর




