সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কখনও ব্যক্তিগত আনন্দ অভিমান প্রকাশ করেন। কখনও নিজের কাটানো বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। কখনওবা পরামর্শমূলক পোস্ট দেন।
এই যেমন নিজের ফেসবুক পেজে প্রভা লেখেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’

এরপর লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে। কখনো কখনো এই মানুষগুলো তারাই যাদের একসময় ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা আপনার প্রাক্তন সঙ্গী।’
আরও লেখেন, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’
আরআর




