বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

২২ বছর পর প্লেব্যাকে পথিক নবী, জানালেন নিয়মিত হবেন 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

২২ বছর পর প্ল্যেব্যাকে পথিক নবী, জানালেন নিয়মিত হবেন 

মাটি, জীবন ও বৈরাগ্যের মাখামাখি পথিক নবীর কণ্ঠে। সে সুর ছুঁয়েছে নিয়ন আলো থেকে মাটির পিদিম। অ্যালবামে অসংখ্য গান করলেও সিনেমায় গানে কম-ই শোনা গেছে জনপ্রিয় এ গায়কের কণ্ঠ। এবার ২২ বছর পর ফের সিনেমার জন্য গাইলেন তিনি।

নির্মাতা সৈয়দ শমসের তারিফ নির্মিতব্য ‘মাটি’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন পথিক নবী। গানটির শিরোনাম ‘মাটির পুতুল’। কথা ও সুর আবেগী জাকিরের। সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই পথিক নবীর গাওয়া গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

মনের মতো না হলে গান কণ্ঠে তোলেন না পথিক নবী। ‘মাটির পুতুল’-এ কী এমন আছে— জানতে চাইলে ঢাকা মেইলকে পথিক নবী বলেন, ‘গানটির কথা ও সুর মনে ধরেছে। একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। মাটির ওপর আমরা দৌড়াই, হাঁটি। মাটি কেটে নেই। কত নির্মমতা দেখাই! আবার মৃত্যুর পর মাটিতে মিশে যাই। মাটি নাকি তখন আমাদের চাপ দেয়। এরকম কিছু বিষয় উঠে এসেছে। সিনেমার এন্ডিং সং। আশা করি সবার ভালো কাগবে।’

সিনেমার গানে পথিক নবীকে শেষ শোনা যায় ২০০৪ সালে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায়। বিপ্লব চক্রবর্তীর কথা ও সুরে ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি গেয়েছিলেন তিনি। জানালেন এখন থেকে নিয়মিত হবেন সিনেমার গানে। 

পথিক নবী বলেন, ‘গান-ই আমার একমাত্র অবলম্বন। তাই গানেই আমার মন। এতদিন শো নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আবার মৌলিক গান নিয়ে ব্যস্ত হয়েছি। এরইমধ্যে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। ফোক স্টুডিও বাংলা নামের একটি অনুষ্ঠানের জন্য মান্নান মোহাম্মদের কথা ও সুরে দুটি দারুণ গান করেছি। এখন থেকে সিনেমার গানেও নিয়মিতি হওয়ার ইচ্ছা আছে।’

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। গল্পে দেখা যাবে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বর্ণনা। অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকার প্রমুখ। জানা গেছে, আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর