স্বামীর আত্মহত্যার এক বছর পর অবশেষে প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অব্রে প্লাজা। মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট নবজাতক শিশুকে কোলে নিয়ে প্রকাশ্যে আসেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। নিউ ইয়র্ক সিটিতে ব্রডওয়ে নাটক ‘ডেথ অব আ সেলসম্যান’-এর শেষ প্রদর্শনীতে ক্রিস্টফার অ্যাবটকে সমর্থন জানাতে গিয়ে সবার নজরে আসেন তিনি।
এর আগে গত এপ্রিলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টফার অ্যাবটের সন্তানের মা হতে চলেছেন। পিপল ম্যাগাজিনকে একটি সূত্র সে সময় জানিয়েছিল, প্রথম সন্তান মা-বাবা হতে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন। পরবর্তীতে অব্রে প্লাজার প্রতিনিধি খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। চলতি বছরের ৭ জুন নিউ ইয়র্ক সিটির রেডিও সিটি মিউজিক হলে টনি অ্যাওয়ার্ডসে জুটিকে একসঙ্গে দেখা যায়।

প্লাজার জীবনে নতুন অতিথির আগমন ঘটেছে তার প্রথম স্বামী চলচ্চিত্র নির্মাতা জেফ বােনার মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর। চলতি বছরের জানুয়ারি মাসে জেফ বােনা আত্মহত্যা করে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ২০১১ সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ১০ বছর পর ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের মাত্র ৫ বছরের মাথায় না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী। পর্দায় এই জুটি বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘লাইফ আফটার বেথ’ এবং ‘দ্য লিটল আওয়ার্স’-এর মতো চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। বােনার মৃত্যুর চার মাস আগে অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা আলাদা হয়ে যান। যদিও জেফের মৃত্যুর সময় তারা আইনগতভাবে স্বামী-স্ত্রী ছিলেন।
২০২০ সালের ‘ব্ল্যাক বিয়ার’ চলচ্চিত্র এবং ২০২৩ সালে অফ-ব্রডওয়ে নাটক ‘ড্যানি অ্যান্ড দ্য ডিপ ব্লু সি’-তে একসঙ্গে কাজ করার সুবাদে ক্রিস্টফার অ্যাবটের সঙ্গে অভিনেত্রী অব্রে প্লাজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে একটি সেলিব্রিটি গসিপ অ্যাকাউন্ট তাদের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে। যদিও তাঁদের প্রেমের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি।
ইএইচ/




