চলতি বছরের ভালোবাসা দিবসে গাঁটছড়া বেঁধেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি। কিন্তু বিয়ের কালি শুকাতে না শুকাতেই ৬ মাসের মাথায় তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন। বিয়ের পর থেকে সম্পর্কের টানাপোড়েন এই দম্পতির।
গত মাসখানেক ধরে টলিপাড়ার বাতাসে রণজয় ও শ্যামোপ্তির দূরত্বের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। সম্প্রতি অভিনেত্রী ঐশ্বর্যর জন্মদিনের অনুষ্ঠানে স্বামীকে ছাড়া একা উপস্থিত হয়েছিলেন শ্যামোপ্তি। সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনের সত্যতা জানতে ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে রণজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিচ্ছেদের প্রসঙ্গ এড়িয়ে গেছেন শ্যামোপ্তি নিজেও।
‘গুড্ডি’ সিরিয়ালের সেট থেকে রণজয় ও শ্যামোপ্তির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই চুপ ছিলেন তারা।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হিন্দু ধর্মের নিয়ম মেনে বিয়ে সেরেছিলেন রণজয় ও শ্যামোপ্তি। বিয়ের ছয় মাসের মাথায় হঠাৎ বিচ্ছেদের খবরে হতবাক তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
বর্তমানে রণজয় স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিকা মালাকারের বিপরীতে অভিনয় করছেন। পর্দায় নতুন জুটির রসায়ন দর্শক মহলে বেশ প্রশংশা কুড়িয়েছে।
ইএইচ/




