দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর ২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। গত কয়েকদিন ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জনের খবর চাউর হতেই অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
বিচ্ছেদের খবর নিশ্চিত না করলেও বুধবার (১৩ মে) নিজের ইনস্টাগ্রাম পোস্টে সংবাদমাধ্যম ও ভক্তদের অনুরোধ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সকল সংবাদমাধ্যমের কাছে বিনীত অনুরোধ, দয়া করে কোনো ভুল খবর প্রকাশ করবেন না এবং আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে দিন।’

এর আগে মঙ্গলবার মৌনী ও সুরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন। এমনকি মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন বলে জানা যায়। এরপর থেকেই খবর রটে, এ দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সুরজ নাম্বিয়ারের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, সুরজের বিরুদ্ধে মৌনীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। শোবিজ অঙ্গনে পরিচিতি পাওয়ার জন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়েন তিনি। এমনকি সুরজ মৌনীর অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে দুজনের কেউই এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।

সুরজ নাম্বিয়ারের জন্ম বেঙ্গালুরুতে। জৈন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি আর.ভি. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান এবং ফিন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি দুবাইয়ে তাঁর বাবার ব্যবসা দেখাশোনা করছেন।
এদিকে মৌনী রায় অভিনীত নতুন সিনেমা 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন।




