‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত পশ্চিমবঙ্গের গায়ক স্বাগত দে আর নেই। গতকাল বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে জনপ্রিয় এ লোকসংগীত শিল্পীর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স ছিল ৫৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শিল্পীর পরিবার সূত্র জানিয়েছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে স্বাগতকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বারাসত নবপল্লীর বাসিন্দা ছিলেন স্বাগত। ভাটিয়ালিসহ বিভিন্ন ঘরানার লোকসংগীতে দখল ছিল তার। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি তাকে পরিচিতি এনে দেয়। বিশ্বের আনাচ কানাচে বসবাসকারী বাংলা ভাষাভাষীর প্রিয় গান এটি।
এছাড়াও অসংখ্য জনপ্রিয় গান রয়েছে স্বাগতর। এরমধ্যে অন্যতম ‘সোনা বন্ধু রে’। অভিনয়ও করেছেন স্বাগত। ‘ভিঞ্চিদা’ ছবিতে গেছে তাকে। এতে মুখ দেখিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন স্বাগত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে। সামাজিক মাধ্যমে জোজো মুখোপাধ্যায় লিখছেন, ‘তারাদের দেশে ভালো থেকো।’ রাঘব চট্টোপাধ্যায় লিখেছেন, “বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।”
আরআর




