অভিনয়ের পাশাপাশি গলায় সুর ভাঁজতে বেশ পাকা অনির্বাণ ভট্টাচার্য। এবার তার গানে সুর বসাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি নির্মাতা হাতে নিয়েছেন নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। এতেই শোনা যাবে অনির্বাণের গান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
যদিও সিনেমায় এবারই প্রথম গাইছেন না অনির্বাণ। এর আগে ‘শাহজাহান রিজেন্সি’-তেও গেয়েছিলেন। সৃজিতের সুরে প্রথম গাওয়া হচ্ছে তার। তবে কী গান গাইছেন তা এখনও সামনে আসেনি। একই ছবিতে ক্যামেরার পাশাপাশি মাইক্রোফোনেও অভিনেতাকে পাওয়া যেন বাড়তি পাওনা হিসেবে বিবেচিত হচ্ছে দর্শকের জন্য।
এ ছবিতে অনির্বাণ ছাড়াও থাকছেন শাকিব খানের হাত ধরে উঠে আসা ইধিকা পাল। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে তার লুক। নেটে ক্রিকেট চর্চা করতে দেখা গেছে ইধিকাকে। নেটিজেনরা লুফে নিয়েছেন। কেননা নায়িকাকে হাতে কলমে প্র্যাক্টিস করাচ্ছিলেন খোদ পরিচালক।
‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ নাম ভূমিকায় থাকছেন অনির্বাণ। এটি লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র। সিরিজটির ‘কালাপানির দিশা’র কাহিনি অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন সৃজিত। এতে অনির্বাণ-ইধিকা ছাড়াও দেখা যাবে যিশু সেনগুপ্তকে।
আরআর




