বাঙালি জাতির জীবনে ১৯৭১ যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ তেমনই সে বছরের ২৫ জুলাই দিনটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য বিশেষ। কেননা এ জনপদকে দখলদার পাকিস্তানি আর্মির থাবা থেকে রক্ষা করতে যখন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা তখন ওই দিন স্বাধীনতার জন্য জনমত তৈরি আর তহবিল গড়তে ময়দানে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল।
বছর কয়েক আগে দেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই ফুটবল দল নিয়ে সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ বানানোর কাজ শুরু করেন পরিচালক অনম বিশ্বাস। এরইমধ্যে সব গুছিয়ে এনেছেন। এবার শুরু করলেন প্রচারণা। গতকাল ছিল সেই ২৫ জুলাই যেদিন দেশের ক্রীড়া ইতিহাস নিয়েছিল আশ্চর্য এক মোড়। অনম তার ছবির প্রচারণা শুরু করতে এই দিনটি-ই বেছে নিয়েছেন।
গতকাল ২৫ জুলাই নিজের ফেসবুকে ‘ঠিকানা বাংলাদেশ’ ছবির পোস্টার প্রকাশ্যে আনেন অনম। লাল-সবুজের পতাকা, যুদ্ধ বিমান, বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন শ্বাপদ আক্রান্ত জনপদ ফুটে উঠেছে তাতে। সব ছাপিয়ে নজর কেড়েছে ফুটবল হাতে মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকা এক অদম্য ফুটবলার। যার চোখে মুখে সাংঘাতিক দৃঢ়তা।

ক্যাপশনে নির্মাতা লেখেন, ‘‘অনেক ঝড়-ঝঞ্ঝার ভেতর দিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’ প্রায় শেষের পথে। তাই ২৫ জুলাই, ২০২৬ আমরা দর্শকদের সাথে কথা বলা শুরু করছি। ৭১ এর এই দিনেই এক রক্ত-গরম ফুটবল ম্যাচের ভেতর দিয়ে শুরু হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প। প্রথমবারের মতো সেদিন লাল সবুজের পতাকা উড়েছিল দেশের বাইরে। আমাদের কথোপকথন শুরু হোক এই ঐতিহাসিক দিনে।’’
‘ঠিকানা বাংলাদেশে’র পোস্টারের মুখ হয়েছেন রেজওয়ান পারভেজ। যিনি এরইমধ্যে অভিনেতা হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চলতি বছর মুকিতপ্রাপ্ত ‘চা গরম’ ও ‘লাইফলাইন’ ওয়েব কনটেন্ট দুটিতে তুমুল প্রশংসিত হয়েছে তার অভিনয়।
‘ঠিকানা বাংলাদেশে’র ওয়ার্কিং টাইটেল ছিল ‘ফুটবল-৭১’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। চিত্রনাট্য অনম নিজেই করেছেন। সিনেমাটি তার দেড় বছরের গবেষণার ফল। এর আগে ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছিলেন নির্মাতা। বলেছিলেন, “সিনেমাটি করতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন। যেনতেনভাবে তো আর এই গল্পে সিনেমা বানাতে পারি না। আমি চাই দর্শক সিনেমাটি দেখার সময় রিয়েলিস্টিক ফিল পাক। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘মুক্তির গান’ দেখলে আমাদের মধ্যে যে ধরনের অনুভূতি হয়, আমি চাই আমার সিনেমাটি দেখে দর্শক তেমন অনুভূতি পাক।”
_20260726_111937657.jpg)
‘ঠিকানা বাংলাদেশে’র মাধ্যমে ফের এক হচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এ ছবিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
আরআর




