দিল্লির আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। ককরোজ পার্টির উদ্যোগে গড়ে তোলা এ মুভমেন্ট ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সক্রিয় ভূমিকা পালন করছেন সংস্কৃতি অঙ্গনের লোকজন। সশরীরে হাজির হয়েছেন অনেকে। এবার সরব হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিয়মিত মত প্রকাশ করেন আলিয়া। এবার সমর্থন দিলেন ককরোজ পার্টির আন্দোলনে। তার কথায়, ‘গত কয়েকদিনের ঘটনায় আমার মন ভেঙেছে। তবে এক আশার আলো তা জোড়াও লাগিয়ে দিয়েছে। নিজেদের অবস্থানে অনড় প্রতিটি শিক্ষার্থীর নেপথ্যে রয়েছে একটি স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, একটি গোটা পরিবারের আশা এবং সেইসঙ্গে অসংখ্য ত্যাগ স্বীকার করে তাদের এক দীর্ঘ পথচলার কাহিনি। ওরা শুধু নিজেদের কথাই বলছে না, বরং একটা গোটা প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যৎ প্রজন্মের পথ আরও সুপ্রশস্ত করছে।’
নতুন প্রজন্মকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মনে করেন রাহার মা। ভারত সরকারের উদ্দেশে ছুড়ে দিয়েছেন প্রশ্নও। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সাহস আমাকে নম্রতার পাঠ দিল। ওদের দৃঢ় সংকল্প আমাদের সকলের সামনে এক আয়না তুলে ধরল। যেটা আমাদের প্রশ্ন করতে শেখাল যে, যারা দেশের আসল উত্তরাধিকার এবং যাদের হাতে দেশের ভবিষ্যৎ সমর্পিত? আমরা কি সত্যিই সেই আগামী প্রজন্মের কথা শুনছি?’
ককরোজ পার্টির আন্দোলন মূলত শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে। সোমবার (২১ জুলাই) নিট প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। মেলেনি অনুমতি। উল্টো কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সে নির্যাতনের ভিডিও। এরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দেন আলিয়া।
আরআর




