শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক

চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন পরিচালকের অনুরাগী হৃদয় খান বাদশাহ। 

আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে নিজের ফেসবুকে বাদশা লেখেন, ‘চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ কিছুক্ষণ আগে বেগুনবাড়ি মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি নিকেতনে নিজ বাসায় ফেরার পথে বেগুনবাড়ি মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।’

এরপর বাধশাহ লেখেন, ‘প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে, তার বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পর তিনি কষ্ট করে আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। তার ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত এবং অন্য কোথাও হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিতভাবে জানা যাবে।’

পরের পোস্টে আহত এফ আই মানিকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বাদশাহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালককে চিকিৎসা নিতে দেখা গেছে। বাদশাহ লিখেছেন, ‘এফ আই মানিক ভাইয়ের প্রাথমিক চিকিৎসা চলমান। এক্সরে এবং প্লাস্টারের প্রক্রিয়া চলছে।’

এ প্রসঙ্গে ঢাকা মেইলকে পরিচালক অপূর্ব রানা বলেন, ‘এফ আই মানিক ভাইয়ের এক্সিডেন্টের খবর আমিও সামাজিক মাধ্যম থেকে পেয়েছি। গতকাল সোমবার দিবাগত রাতে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেনেছি। যে ছেলেটি খবরটি জানিয়েছে সে মানিক ভাইয়ের একজন ভক্ত। এর আগে পরিচালক অসুস্থ থাকাকালীন সে (হৃদয় খান বাদশাহ) দেখভাল করেছে।’ 

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘এফ আই মানিক ভাই আহত হয়েছেন। ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোথাও ভেঙেছে কিনা এক্সরে রিপোর্ট পেলে জানা যাবে।’

‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘চাচ্চু’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার পরিচালক এফআই মানিক। তার সিনেমা ‘কোটি টাকার কাবিনে’র মাধ্যমে শুরু শাকিব খান-অপু বিশ্বাস জুটির। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর