বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। ভক্তরা তাঁকে চকলেট বয় নামে ডাকেন। রোমান্টিক বা অ্যাকশন সিনেমায় চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তার জুড়ি মেলা ভার। শুধু অভিনয় নয় তাঁর পেশাদারিত্বে মুগ্ধ বলিউডের পরিচালক-প্রযোজকরা। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি জানালেন, ‘সাঞ্জু’ সিনেমার সময় গভীর রাতে শুটিং সেটে হাজির হতেন রণবীর কাপুর।
তিনি আরও জানান, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘সাঞ্জু’-র শুটিংয়ের সময় রণবীরকে নিয়মিত রাত তিনটায় সেটে পৌঁছাতে হতো। অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ঘরানার এ ছবিতে রণবীরের চুল, মুখ ও শরীরের অবয়ব পরিবর্তন করে নিখুঁত লুক তৈরি করতে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা সময় লেগে যেত। তাই সকাল সাতটায় মূল শুটিং শুরু হওয়ার শিফট থাকলে রণবীরকে রাত তিনটার মধ্যেই সেটে চলে আসতে হতো এবং দীর্ঘ সময় ধরে মেকআপের চেয়ারে বসে থাকতে হতো।
বর্তমান প্রজন্মের অভিনেতাদের সময়ের কড়াকড়ি কি সিনেমার বাজেটে নেতিবাচক প্রভাব ফেলছে? এমন প্রশ্নের জবাবে রাজকুমার হিরানি বলেন, ‘আজকের যুগের অভিনেতারা শুধু মেপে মেপে নির্দিষ্ট কয়েক ঘণ্টা কাজ করেন। বিষয়টি মোটেও তেমন নয়। অন্তত যাঁদের সঙ্গে আমি কাজ করেছি, তাঁরা সবাই বোঝেন যে কাজ শেষ করাটা কতটা জরুরি।’ রণবীরের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘রণবীরের চরিত্রের লুক তৈরি করতে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগত। তাই সকাল সাতটার শিফট থাকলে ও রাত তিনটেয় চলে আসত। তখন ও একাই বসে থাকত।’
তিনি আরও বলেন, আমি সকাল ছ’টার দিকে সেটে পৌঁছোতাম। বাইরে একটি ভ্যান দাঁড়িয়ে থাকত আর আলো জ্বলত। ভেতরে রণবীরের মেকআপ চলত। এর পরে আমরা টানা ১২ ঘণ্টা শুটিং করতাম। কিন্তু এত কিছুর পরও ওঁকে কখনও অভিযোগ করতে দেখিনি। কারও কাছেই নয়।’
রণবীর কাপুরকে শিগগির তাঁর স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। সেই সিনেমায় সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণ, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে।
ইএইচ/




