পর্দার নায়ক থেকে জনতার নায়ক হয়েছেন দক্ষিণী তারকা বিজয় থালাপতি। নির্বাচিত হয়েছেন তামিলনাড়ুর মেয়র। গুঞ্জন ছড়িয়েছে এবার রাজনীতিতে নামছেন দক্ষিণের আরেক তারকা সুরিয়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সুরিয়ার রাজনীতিতে নামার গুঞ্জন ছড়িয়েছে তার এক ভক্তের মন্তব্য থেকে। সম্প্রতি অভিনেতার ‘ফ্যান ক্লাব’-এর প্রশাসনিক সদস্যদের এক বৈঠকে আর বীরমণি নামে তাঁর এক অনুরাগী বলেন, “সময় যদি চায়, স্রষ্টা যদি চান, তবে কাউকে জননেতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।”
এরপর থেকেই আলোচনা শুরু। অনেকে ধরে নেন সুরিয়া রাজনীতিতে নামছেন। বীরমণি সেরকম ইঙ্গিতই দিয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে কুলুপ এঁটে থাকেনি সুরিয়ার ফ্যানক্লাব।
এক বিবৃতিতে জানিয়েছে, ওই অনুরাগীর মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করে এমন ভবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেন সেটিই ফ্যান ক্লাবের বক্তব্য। এছাড়াও জানানো হয় যে, গত তিন বছর ধরে বীরমণি ওই ফ্যান ক্লাবের প্রশাসনিক কমিটির সদস্য নন। তাই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস না করার আবেদন জানানো হয়েছে।
বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়, “অভিনেতা সুরিয়ার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। নিজের সংস্থা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করেই তিনি আনন্দ ও তৃপ্তি পান।”
বর্তমানে সুরিয়া ব্যস্ত আছেন তার নতুন দুটি ছবি ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘সুরিয়া ৪৭’ নিয়ে। শিগগিরই মুক্তি পাবে সিনেমা দুটি। এর আগে তার অভিনীত ‘করুপ্পু’ ছবিটিও বক্স অফিসে পেয়েছে সফলতা।
আরআর




