সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মঞ্চে প্রসব বেদনা, পাথরে কাটেন নাড়ি— কে এই অভিনেত্রী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

মঞ্চে প্রসব বেদনা,পাথরে কাটেন নাড়ি— কে এই অভিনেত্রী? 

প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন শ্রদ্ধা কাপুর। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে ধরা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় নজর কাড়লেন ‘ঈথা’ সিনেমার টিজারে। বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের চরিত্রের ঝলকে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

চলুন জেনে নেওয়া যাক কে এই বিঠাবাঈ যার রূপে দর্শকদের মন জুড়ালেন শ্রদ্ধা? বিঠাবাঈ প্রখ্যাত মরাঠি লোকশিল্পী। যিনি সন্তান জন্মের পর পাথরে নাড়ি কেটে ফের দাঁড়িয়েছিলেন মঞ্চে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

মহারাষ্ট্রের সোলাপুর জেলার পন্ধরপুরের মেয়ে বিঠাবাঈ। জন্ম ১৯৩৫ সালের ১ জুলাই। বিঠার পরিবারের অনেকেই জড়িত ছিলেন নাচ-গান-অভিনয়ের সঙ্গে। বিঠাবাঈয়ের সঙ্গেও সখ্যতা হতে সময় লাগেনি। একরত্তি বয়সেই লাবণী, গাওলান-সহ মহারাষ্ট্রের বিভিন্ন লোকশিল্পের সঙ্গে পরিচয় তার।

1782750534_eetha-lead-jpg-1

বিঠার দাদা নারায়ণ খুডের ছিল একটি লোকনাট্য দল। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তামাশা করতেন সেই দলের সদস্যরা। বিঠার বাবাসহ পরিবারের অন্যরাও এই দলের সদস্য ছিলেন। শিশু বিঠারও তামাশা দলে ভিড়তে সময় লাগেনি। অভিনয়টা রক্তে ছিল। তাই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবও তাকে আটকাতে পারেনি। বরং অল্প বয়সেই অভিনয় দিয়ে পান পরিচিতি। 

বিঠাবাঈয়ের জীবনের মোড় ঘুরে যায় বিখ্যাত মারাঠি নাট্যকার মামা বরেররকরের হাত ধরে। ছোট্ট বিঠার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের দলের সদস্য করে নেন। আর পেছনে তাকাতে হয়নি বিঠাকে। আস্তে আস্তে হয়ে ওঠেন তামাশা জগতের নামকরা শিল্পী।

প্রখর অভিনয় দক্ষতা দিয়ে মঞ্চে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন বিঠা। কুপি জ্বলা গ্রাম থেকে নিয়ন বাতির শহর প্রেমে পড়ে তার। তিনিও মঞ্চ বলতে এতটাই নিবেদিত ছিলেন যে প্রসব বেদনা উঠলেও চরিত্র ছেড়ে চলে যাননি।

শোনা যায়, নয় মাসের অন্তঃসত্ত্বাবস্থায়ও মঞ্চে নিয়মিত ছিলেন। একদিন অভিনয় করছিলেন। হঠাৎ প্রসব বেদনা ওঠে। পরিস্থিতি আঁচ করতে পেরে মঞ্চের পেছনে গিয়ে সন্তান জন্ম দেন। সেসময় পাথর দিয়েই নাকি নাড়ি কাটেন এবং ফের মঞ্চে ফেরেন অভিনেত্রী। খবরটি পৌঁছে যায় দর্শকের মাঝে। অনুষ্ঠান বন্ধ করে বিঠাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানান তারা। 

1782728981_shraddha-alt-jpg-1

ব্যক্তিত্বেও বিঠা ছিলেন অটল। বলিউড থেকে ডাক এসেছিল। ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং রাজকাপুর। অন্যরা হলে হয়তো লুফে নিতেন কিন্তু বিঠা সেটি করেননি। ফিরিয়ে দিয়েছিলেন। কেননা আশঙ্কা করেছিলেন তিনি চলে গেলে গোটা তামশা শিল্প অনিশ্চয়তায় পড়বে। আর্থিক অনটনে পড়বে এই শিল্পের সঙ্গে জড়িতরা। সেজন্যই হয়তো ‘তামাশা সম্রাজ্ঞী’ বলে ডাকা হয় তাকে। 

অভিনয় করে ভালোবাসা পেয়েছেন বিঠা। সম্মানেরও কমতি ছিল না। কিন্তু অর্থের ভাঁড়ার ছিল খালি। শেষ জীবনে এতটাই অনটনে ছিলেন যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ২০০২ সালের ১৫ জানুয়ারি মৃত্যুর পর হাসপাতালের খরচ মিটিয়ে শিল্পীর মরদেহ বাড়িতে নেওয়াও কঠিন হয়ে পড়েছিল। শেষে পাশে দাঁড়ান অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা।

আগামী ২৮ আগস্ট মুক্তির কথা রয়েছে ‘ঈথা’র। পরিচালক লক্ষ্মণ উটেকর। প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’। শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর