গত কয়েকদিন ধরে জল্পনা ছিল রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ভারতীয় গণমাধ্যমের দাবি, ইমেইলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন টলিউড অভিনেত্রী। কিন্তু কোয়েলের ইস্তফাপত্র আদৌ গৃহীত হবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
মাস দুয়েক আগে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হওয়ার কিছুদিনের মধ্যে পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজনীতিকে বিদায় জানানোর সিদ্ধান্তে তোলপাড় টলিউড। কোয়েলকে নিয়ে নানা মন্তব্য উঠে আসছে সমাজমাধ্যমেও। এবার এ বিষয়ে কথা বললেন বিজেপি সাংসদ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।
বিজ্ঞাপন
শুক্রবার ‘আবার হাওয়া বদল’-এর প্রচারে এসে রুদ্রনীল সংবাদমাধ্যমে কোয়েলের ইস্তফা নিয়ে বলেন, ‘আমার বা আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই। সবার প্রিয় কোয়েল মল্লিক যে ঠিক ছিলেন এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করলেন। তিনি প্রাপ্তবয়স্কা মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তাঁর সিদ্ধান্ত, বিবেচনার উপরে সম্মানবোধ আছে।’
এর আগে কোয়েলকে কখনও রাজনৈতিক সভা সমাবেশে দেখা দেখা যায়নি। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে গত এপ্রিল মাসে তৃণমূলের হয়ে রাজ্যসভায় যেতে রাজি হয়েছিলেন কোয়েল। রাজনীতিতে নাম লেখানোর খবরে বিস্মিত হয়েছিলেন তার অনুরাগী থেকে ঘনিষ্ঠমহল।
রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ নিয়ে যদিও এখনও পর্যন্ত অনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি কোয়েল।
ইএইচ/




