আজ ১১ জুন পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। উন্মাদনায় ভাসছে বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশ। পছন্দের দলের সমর্থনে শুরু হয়েছে কথার লড়াই। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা— কেউ বাদ যাচ্ছে না সেই তালিকা থেকে।
অনুরাগীদের অনেকেই জানতে চান, তাদের প্রিয় তারকা কোন দলের সমর্থক। অনেক তারকা পছন্দের দলের কথা প্রকাশ করেন। আবার অনেকে করেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, তার পছন্দের দল ব্রাজিল। অভিনেত্রীর মতে যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’
অপুর কথায়, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, ‘শুধু ব্রাজিল হলে তো চলবে না অন্য দলের সাপোর্টারও লাগবে’। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেয়ে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।’
অপু বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’




