ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে অভিনেতার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর বেশ কয়েক মাস কেটে গেলেও ভক্ত-অনুরাগীদের মনে এখনও একটাই প্রশ্ন— কেমন আছেন তাঁদের প্রিয় নায়ক?
সম্প্রতি পরিবার ও মেয়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সবার মাঝে।
বিজ্ঞাপন
তবে ইলিয়াস কাঞ্চানের শারীরিক অবস্থায় আশানুরূপ কোনো উন্নতি হয়নি। কয়েক ধাপে থেরাপি দেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থায় দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

ইলিয়াস কাঞ্চনের বর্তমান পরিস্থিতি নিয়ে লিটন এরশাদ বলেন, ‘কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতো রয়েছে। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে, এখনও আরেক ধাপের থেরাপি চলছে। এটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও বেশ জড়তা রয়েছে। থেরাপির বর্তমান ধাপ সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারবেন বলে জানিয়েছেন লিটন।
বর্তমানে লন্ডনে নিজের মেয়ের বাসাতে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। উল্লেখ্য, দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
ইএইচ/




