ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১ জুন) বিকেল ৪টায় শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার রুমিন ফারহানা লিখেছেন, 'বনলতা এক্সপ্রেস’ মুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। উপস্থিত থাকব আমি।”
এছাড়া ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও সামাজিক যোগাযোগমাধ্যমে মানববন্ধনের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কর্মসূচির তথ্য শেয়ার করেছেন।
মানববন্ধন সফল করতে স্থানীয় ব্যবসায়ী, সংস্কৃতিপ্রেমী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
এদিকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির বিরোধিতা করেছেন কওমি ঐক্যপরিষদের নেতা নাসরুল্লাহ মুয়াজ। তিনি নিজের ফেসবুক আইডিতে এইচ এম সৈয়দ কাসেম এর দেওয়া একটি পোস্ট শেয়ার করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। ওই পোস্টে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি শেয়ার করা পোস্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামবিরোধী অপসংস্কৃতির আগ্রাসন রুখে দিয়েছেন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনতা। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে তারা তাদের ইমানি দায়িত্ব পালন করেছেন। এখন একটি মহল উসকানি দিয়ে এ জনপদকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। অহেতুক উসকানি বন্ধ করুন।”
উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) রাতে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে প্রদর্শনী শুরুর আগমুহূর্তে প্রশাসন ও পুলিশ গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন আয়োজক আদিব রেজা রঙ্গণ। তিনি তালতলা গ্রামের বাসিন্দা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী।
এর আগে একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কওমি মাদরাসার কিছু শিক্ষার্থীর বিরোধিতার মুখে আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ওই প্রদর্শনী স্থগিত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রদর্শনী স্থগিত হওয়ার পর বিকল্পভাবে কসবার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রদর্শনী বন্ধ করে দেয়।
প্রদর্শনী বন্ধের এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবাদ জানাতে সরাইলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি/আরআর




